সৌন্দর্যপ্রেমী
সুচন্দ্রা চক্রবর্তী
— 'কি রে রাধিকা, আছিস কেমন?
কেমন চলছে সংসার?'
— 'আর বলিস কেন দিতি,
দুই সন্তান হওয়ার পর পড়ল দু চোখে কালি,
শরীরে গজাল মেদ, হলাম কুৎসিত বরের চোখে,
তাই তো রাধিকাকে ছেড়ে সে গেছে সুন্দরী গোপিনীর কাছে!'
— 'সে কি কথা বলিস রে?'
— 'তা নয়তো আর বলি কি রে ভাই,
অফিসের বস সে, সুন্দরী কিছু সহকর্মী তার গায়ে ঢলে পড়ে,
আর সেও সুযোগের ভালোই সদ্ব্যবহার করে,
তা ছাড় ভাই আমার কথা,
তুই তোর খবর বল্,
কেমন আছিস তুই? আছে কেমন তোর জীবনের সাথী?
চলছে কেমন সংসারের চাকা?'
— 'আমার সংসারের চাকা? সে চলছে ভালোই,
একেবারে গড়গড়িয়ে,
স্বামী-শ্বশুর আর এক মেয়ে নিয়ে দিব্যি চলছে সব।'
— 'রক্তিম বুঝি আজও তোকে চোখে হারায়?
সেই প্রথম দিনের মতো?'
লজ্জায় রাঙা দিতি শুধু প্রত্যুত্তরে হাসে,
— 'বুঝি বুঝি, সবই বুঝি রে দিতি,
তথাকথিত সুন্দরী ছিলাম বলে পড়ত না আমার মাটিতে পা,
মানুষকে জ্ঞান করতাম না মানুষ বলে,
অগ্নি এল আমার জীবনে, বড়োলোকের একমাত্র ছেলে,
সকলে বলল, 'আহা রাধিকার কি রূপ,
ও মেয়েকে অমন সোনার ঘরেই মানায়,
কিভাবে জানব সে সোনা আসলে খাঁটি নয়,
ষোলো আনাই খাদ, সে ছেলে ভালোবাসে শুধু রূপ,সৌন্দর্য,
জানে না সে পড়তে মানুষের মন,
তাই তো আজ নিজের সংসারেই হয়েছি দুয়োরাণী,
আর তুই? অ্যাসিডদগ্ধ বলে তোকে নিয়ে করেছি কত ঠাট্টা,
বলেছি কত কটুকথা,
কিন্তু আজ তুই রক্তিমের ঘরে রাজরাণী,
কারণ সে যে তোর পোড়া চামড়া নয়, দেখেছিল তোর মনের মিষ্টতা,
যা আমরা দেখিনি কেউ,
আসলে ও যে অগ্নির মতো সৌন্দর্যপ্রেমী নয়!'
— 'একটুখানি ভুল বললি সখী,
রক্তিমই যে সৌন্দর্যপ্রেমী, অগ্নি নয়,
সৌন্দর্য যে থাকে মনে, চামড়ায় নয়।'
1 মন্তব্যসমূহ
অসাধারণ লাগলো লেখনীটি। কিচ্ছুটি বলার নেই জাস্ট 💐💐💐💐💐💐💐
উত্তরমুছুন