Advertisement

পরের ঘরের মেয়ে

পরের ঘরের মেয়ে
সুচন্দ্রা চক্রবর্তী

যেদিন পাকা কথা হয়েছিল বিয়ের,
পাত্রপক্ষের মা-বাবা বলেছিলেন,
'বৌমা নয়, মেয়ে নিতে এসেছি,
বিয়ের পর মেয়ের মতোই থাকবে আমাদের পরিবারে',
বড় খুশি হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলাম,
নিজেকে মনে হয়েছিল বড় ভাগ্যবতী,
নইলে এমন শ্বশুরবাড়ি কজনে পায়?
কিন্তু বিয়ের একসপ্তাহের মাথায় সে ভুল ভাঙল আমার,
সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলে,
রান্নায় নুন সামান্য কম বেশি হলে শাশুড়ি মা শোনাতে লাগলেন ছোট বড়ো কথা,

বিয়ের আগে নাচ বড়ো প্রিয় ছিল আমার,
বিয়ের পরে সে নাচও বন্ধ হল আমার,
শ্বশুর মশাই বললেন, 'বাড়ির বৌ কিনা ধেই ধেই করে নাচবে? বাড়ির মানসম্মান তাতে আর অবশিষ্ট থাকবে কিছু?'
অথচ আমার কলেজে পড়া ননদ পার্টি, ক্লাব থেকে রাত এগারোটার পরে ফিরলে বাড়ির সম্মানে কাদা লাগে না,
সে বেলায় ঘুম থেকে উঠলেও শুনতে হয় না বাঁকা কথা,
হাজার হোক সে এবাড়ির মেয়ে তো!
কিন্তু আমি যে পরের ঘরের মেয়ে!

তবু কখনো স্বামীর কাছে এসব কোনোকিছুর নিয়েই মুখ খুলিনি,
চাইনি তাকে তার মা বাবার থেকে দূরে সরাতে,
এরপর কেটে গেল অনেকগুলো দিন,
ননদের বিয়ে হয়ে গেল, শ্বশুর মশাই ইহলোকের মায়া ত্যাগ করলেন,
আমার মেয়ে পনেরোতে পা দিল,
সেইদিনই হঠাৎ এল সেই দুঃসংবাদটা!
অ্যাক্সিডেন্টে অকালমৃত্যু হয়েছে আমার স্বামীর!
কিন্তু কি আশ্চর্য জানেন! শাশুড়িমা দায়ী করলেন আমাকেই,
'অপয়া' বলে দাগিয়ে দিলেন,
হাসি পেল, যদি আমার স্বামীর জায়গায় আমি মারা যেতাম,
তাহলে কাকে অপয়া বলতেন তিনি?
যাই হোক, আস্তে আস্তে তিনি আমার ওপরেই ভরসা করতে শুরু করলেন,
আমিও তাঁকে চেষ্টা করতাম সবটুকু দিয়ে আগলে রাখতে,
দেখলাম আমাকে বাঁকা কথা শোনানোর অভ্যাস বদলেছে তাঁর,
ভাবলাম, যাক, এবার অন্তত আর 'পরের বাড়ির মেয়ে' ভাবা হবে না আমায়,
কিন্তু হায়! সে ভুলও আমার ভাঙল যখন একদিন ননদের একটা সোনার আংটি হারাল এ বাড়িতে,
_________________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_____________________________

শাশুড়িমা হঠাৎ বলে বসলেন, 'বৌমা, একবার তোমার ঘরের আলমারিটা খুলে দেখো তো! না মানে ভুল করে যদি....'
সেদিন আর আমি চুপ করে থাকতে পারিনি, স্মিত হেসে জবাব দিয়েছিলাম, 'আমার মা-বাবা আপনাদের মতো এতটা স্বচ্ছল ছিল না ঠিক কথা,
কিন্তু তাঁদের শেখানো আচার ব্যবহারে কোনোদিন দৈনতা ছিল না।'
সে আংটি পরে খুঁজে পাওয়া গিয়েছিল ননদের নিজের ঘরেরই খাটের তলায়,
শাশুড়িমার মাথা হেঁট হয়েছিল সেদিন,
কিন্তু আমি হেসে বলেছিলাম, 'মা, পরের ঘরের মেয়ে তো আমি!'

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. অসাধারণ, মানে অপূর্ব এককথায়। সত্যি করেই কোন প্রশংসাই যথেষ্ট নয় ভালো লাগা বোঝানোর জন্য। অনন্য, অসাধারণ, অনবদ্য এটুকুই শুধু বলব। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো 💜💜💜💜💜

    উত্তরমুছুন