ভালোবাসো?
সুচন্দ্রা চক্রবর্তী
তোমরা সকলে বলো ভালোবাসি, ভালোবাসি,
অথচ কত সামান্য কারণে দূরে সরিয়ে দাও মানুষটিকে,
নিজের পছন্দমতো কিছু না ঘটলেই তাকে কথা শোনাতে ছাড়ো না,
কি ভাবো? শুধু জন্মদিনে রাত বারোটায় উইশ করলে আর দামী গিফট দেয়ানেয়া করলেই ভালোবাসা বলে তাকে?
যে সম্পর্কে সামান্যতম কারণে প্রতিনিয়ত হয় মনোমালিন্য,
অপর মানুষটির প্রতি অকারণেই জন্মায় অবিশ্বাস,
ইচ্ছা হয় প্রতিহিংসার, সেখানে ভালোবাসার ফুল কবেই মরে গেছে স্বার্থের আগুনের তাপে,
শুধু সকলের সামনে তোমরা দেখিয়ে বেড়াও যে তোমরা আদর্শ জুটি,
ধুস! ভালোবাসা বানান লিখতে পারলেই ভালোবাসা বোঝা যায় বুঝি?
যায় না, কারণ পাঠ্যবইতে লেখে না ভালোবাসার সংজ্ঞা,
ভালোবাসাকে দেখতে হলে শরীরের চোখ নয়,
মনের চোখ খোলা জরুরি,
জরুরি দুজনে একটাই মন হয়ে ওঠা,
'আমি' 'তুমি' আলাদা নয়, একজনই হয়ে ওঠে যেখানে,
সেই সম্পর্কেই আছে প্রকৃত ভালোবাসা,
কারণ সে সম্পর্কে একজনের সাফল্য মানে দুজনেরই সাফল্য,
একজনের পরাজয় মানে দুজনেরই পরাজয়,
কোনো বস্তুগত সম্পর্ক নয়,
প্রকৃত ভালোবাসায় থাকে মুগ্ধতার সম্পর্ক।
1 মন্তব্যসমূহ
অসাধারণ লাগলো ❤️❤️❤️❤️❤️
উত্তরমুছুন