অণুগল্প দুটি
প্রিয় পাঠক পাঠিকা, আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের দুটি অণুগল্প।পড়ে জানাবেন অবশ্যই যে কেমন লাগল।
১)
ভাগ্যের পরিহাস
সুচন্দ্রা চক্রবর্তী
আজ অফিসে একটা পার্টি হচ্ছে। সকলেই নিজের স্বামী অথবা স্ত্রীকে নিয়ে এসেছেন। অরূপও নিয়ে এসেছে নিজের স্ত্রী পিয়ালীকে৷ এসেই সকলের সাথে পিয়ালীর পরিচয় করিয়ে দিল সে। রিমঝিমও বুকে পাথর চাপা দিয়ে হাসিমুখে পরিচয় করল পিয়ালীর সাথে। রিমঝিম মাস দুয়েক হল অফিসে জয়েন করেছে, কয়েকদিনেই অরূপের প্রেমে পড়ে যায় সে। আসলে অরূপও যে অনেকটা তারই মতো, শান্তশিষ্ট কম কথা বলা একজন মানুষ। দুজনেই এত কম কথা বলে যে পার্সোনাল লাইফ নিয়ে কখনোই কোনো কথা হয়নি তাদের মধ্যে। অরূপের প্রতি রিমঝিমের সে প্রেম আস্তে আস্তে ভালোবাসায় যে কবে রূপান্তরিত হয়ে গেছে তা সে নিজেই বুঝতে পারেনি। ভেবেছিল কিছুদিন পরেই অরূপকে জানাবে তার মনের কথা। কিন্তু আজ সে জানতে পারল যে অরূপ বিবাহিত।
অন্যদিকে পিয়ালী মিশুকে মেয়ে, রিমঝিমকে বেশ ভালো লাগল তার, হেসে বলল, 'বন্ধু হবে আমার?'
রিমঝিমও স্মিত হেসে বলল,'আচ্ছা।'
এরপর ধীরে ধীরে পিয়ালী আর রিমঝিম ভালো বন্ধু হয়ে ওঠে।
আজ রিমঝিমের জন্মদিন। পিয়ালী ফোন করল রিমঝিমকে।
— 'হ্যাপি বার্থডে রিমঝিম। ভগবান তোমার মনের সব ইচ্ছাপূরণ করুক, তোমার যেন অপ্রাপ্তি কিছু না থাকে জীবনে এটাই চাই।'
— 'থ্যাংক ইউ', মনে মনে শ্লেষের হাসি হেসে রিমঝিম ভাবল, ভাগ্যের পরিহাস হয়ত একেই বলে!'
২)
অতটাও খারাপ না
সুচন্দ্রা চক্রবর্তী
মেয়েটাকে তার বন্ধুটি সান্ত্বনার সুরে বলল, 'আরে আরে রাগছিস কেন? ছেলেটা তো শুধু তোর হাত ধরেই টেনেছে, আর দুটো খারাপ কথা বলেছে, তুলে তো নিয়ে যায়নি।'
ডাক্তারকে তার সিনিয়র ডাক্তার বললেন, 'আরে জ্বর সারেনি বলে পেশেন্ট পার্টি তো খালি চড়ই মেরেছে, বুকে ছুরি তো আর মারেনি!'
শিক্ষকমশাইকে তাঁর স্ত্রী বললেন, 'অত উত্তেজিত হও কেন বাপু? ফেল করা ছেলেগুলো তোমায় খালি তুইতুকারিই করেছে, গায়ে তো আর হাত তোলেনি!'
সদ্য মা হওয়া মেয়েটিকে তার মা-বাবা ভালো করে বোঝাচ্ছেন, 'আরে তোর স্বামী কত ভালো বল তো?মেয়ে জন্ম দিয়েছিস বলে খালি নাকই সিঁটকেছে, আর তোকে হসপিটালে দেখতে যায়নি, আর তো কিছু করেনি? মেরে তো আর ফেলেনি মা মেয়েকে!'
কি,অবাক হলেন? কেন অবাক হচ্ছেন? আমাদের সমাজ তো এইদিকেই এগোচ্ছে, এখানে ভালো বলে কোনো শব্দ নেই, আছে শুধু 'অতটাও খারাপ না'। এই 'অতটাও খারাপ না' মানুষেরাই তো আশাভরসা এই 'স্বাধীন(??)' সমাজে, তাই তো?
3 মন্তব্যসমূহ
খুব খুব সুন্দর 🌹🌹🌹💐💐💐
উত্তরমুছুন🤗🤗🤗🌷🌷🌷🌷
মুছুনAsadharon laglo
উত্তরমুছুন