Advertisement

খুঁজে পাইনি

খুঁজে পাইনি
সুচন্দ্রা চক্রবর্তী


কোনো এক কালবৈশাখীর বিকেলে,
যেদিন অকালে আঁধার নেমেছিল,
লালচে হলুদ মাখা আকাশ ঢেকে গিয়েছিল যেদিন কালো চাদরে,
বজ্রপাতের চিৎকারে কালা হবার জোগাড় হয়েছিল,
পাগলের মতো খুঁজেছিলাম তোমায়,
খুঁজে পাইনি তো?
ঠান্ডা হাওয়ায় একাই গিয়েছিলাম ছাদে সবার নিষেধ অগ্রাহ্য করে,
কই,সেদিন তোমায় খুঁজে পাইনি তো?
বৃষ্টিতে একসাথে ভিজব ভেবেছিলাম,
তোমায় খুঁজে পাইনি তো?
ঝড়ের সে রাতে একসাথে গান গাইব ভেবেছিলাম,
তোমায় খুঁজে পাইনি তো?
শীতের সকালে কুয়াশায় চাদর এগিয়ে দেওয়া হাতদুটো চেয়েছিলাম,
সেদিনও তোমায় খুঁজে পাইনি তো?

_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________

হতাশার দিনে চোখের জল ফেলে ভিড় রাস্তায় তোমায় খুঁজেছি পাগলের মতো,
না,খুঁজে পাইনি তো?
আনন্দের দিনে ফুচকা খেতে যাওয়ার জন্যও তো,
সেদিনও তো খুঁজে পাইনি?
অকারণে অপমানিত হওয়ার দিনও,
তোমার কঠোর সত্যিগুলো শুনতে চেয়েছিলাম উন্মাদের মত,
খুঁজে পাইনি তো?
 আসলে জীবনের এতগুলো দিন তুমি ছাড়া কাটিয়েছি যে,
অভ্যস্ত হয়ে গেছি,
তুমি কোনোদিনই আমার সামনে আসোনি,
থেকেছ কেবল আমার কল্পনায়,
তাই তোমার মুখ দেখার সৌভাগ্যও হয়নি,
কারণ তুমি এতই অন্তর্মুখী যে,
সাহস করে আমার মন থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ানোর সাহসই পাওনি,
কল্পনার জগৎ থেকে বাস্তব অনেকটা দূরে,
ওই দূরটুকু কাটিয়ে ওঠার ক্ষমতাটাই জোগাড় করে উঠতে পারোনি,
তাই হয়ত নিজের অজান্তেই,
কবে যে তোমার অলীক অস্তিত্বটাকে কবর দিয়ে ফেলেছি,
বুঝতেই পারিনি,
তবে ভাগ্যিস ভুলে গেছি সেসবকিছু,
কিন্তু কি আশ্চর্য! আজও তোমায় খুঁজলাম,
কিন্তু আজও,কই?
খুঁজে পাইনি তো?
আমার মনের মধ্যে!

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ