সাধ
সুচন্দ্রা চক্রবর্তী
গাঢ় রঙের শাড়ি, ভারী গয়না পরার সখ শুধু নববধূর হয়না,
পঁচিশ বছর বয়সী মেয়েটার মায়েরও হয়,
বার্থডে উপলক্ষে পার্টি দেওয়ার বাসনা শুধু তিরিশ বছরের ছেলেটিরই হয়না,
সাত বছরের শিশুটিকে প্রতি রাতে গল্প বলে ঘুম পাড়ান যে দাদু, তাঁরও হয়,
মেকাপ করে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুধু কলেজ পড়ুয়া মেয়েরাই ভালোবাসে না,
সারাদিন সংসারের কাজ সামলে চুলটুকু পর্যন্ত আঁচড়াতে ভুলে যান একান্নবর্তী পরিবারের যে প্রৌঢ় গৃহিণীরা, তাঁরাও ভালোবাসেন,
নতুন প্রেমিক-প্রেমিকারাই যে শুধু ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য উদগ্রীব হয়ে পড়ে তা কিন্তু নয়,
বিয়ের পর পঞ্চাশটা বসন্ত পার করে ফেলেছেন যে বয়স্ক দম্পতি, তাঁদেরও সাধ হয় দিনটি পালন করতে,
ছ'মাস চাকুরিরতা মেয়েটিই যে শুধু চুলে কালার করতে, ওয়েস্টার্ন পোশাক পরতে ভালোবাসে তা নয়,
মেয়েটির প্রেমিকের মা, যাঁকে মেয়েটি আন্টি নামে ডাকে, তাঁরও মনের ভেতর সুপ্ত ইচ্ছে হয় চুল রাঙাতে, নানারকম হেয়ার কাট, ওয়েস্টার্ন ড্রেস ট্রাই করতে,
কিন্তু এই মানুষগুলো তাঁদের মনের সেই ইচ্ছেগুলো সারাজীবন মনেই লুকিয়ে রাখেন, কিছুতেই বাইরে আসতে দেননা,
কারণ ওদের বাইরে আসার রাস্তা সমাজ বন্ধ করে দিয়েছে,
ওঁরা নিজের ইচ্ছেমতো সাজলে,অনুষ্ঠান পালন করলে সমাজ মুখ বেঁকিয়ে বলে, 'এই বয়সেও শখ দেখোনা!'
আর ওই মানুষগুলোর ইচ্ছে,স্বপ্ন,সাধগুলোও 'লোকে কি বলবে'র আড়ালে মৃত্যুবরণ করে।
1 মন্তব্যসমূহ
Darun laglo sadh
উত্তরমুছুন