Advertisement

অত্যাচারিত

অত্যাচারিত
সুচন্দ্রা চক্রবর্তী 

তোমরা বলো নারী অত্যাচারিত, 
সদ্যমৃত ১২ বছরের ছেলেটার চোখদুটো তোমাদেরই দিকে তাকিয়ে হাসছে,
একটু আগে সৎমার দেওয়া গলায় বঁটির কোপটা এখনও তাজা,
তোমরা বলো নারী অবলা,
প্রৌঢ় চোখে কম দেখে,ছানি পড়েছে,
লেডিস কামরায় উঠে পড়েছিল ভুলে,
আঙুলগুলো ছিন্নভিন্ন,কারা যেন ঠেলে দিয়েছিল তাকে ট্রেন থেকে,
তবু রক্তমাখা তর্জনীটা তাক করছে তোমাদেরই দিকে,
তোমরা বলো নারী মায়ের জাত,
রাস্তায় চারটে ছেলে যখন মেয়েটার শরীর নিয়ে ব্যঙ্গ করছিল,
পাশ থেকে তাদের আরো উৎসাহ দিচ্ছিল ওই তিনটে মেয়ে,
'শরীরের নয়,মনের আলো ভালোবাসি' স্ট্যাটাস দেওয়া মেয়েটা আজ কারোর জীবনের সবটুকু আলো চুষে খেয়েছে,
নীল গ্লাসে অস্বচ্ছ তরলে মিশে যায় প্রেমিকের স্বচ্ছ প্রতিশ্রুতি,
তোমরা বলো নারী দেবীস্বরূপ,
সদ্যজাত শিশুকন্যাটা না জানি কিভাবে খাট থেকে পড়ে গিয়েছিল সেদিন,
তার বাবা বুকে তুলে ঘুম পাড়িয়েছিল তাকে,
কিন্তু মায়ের চোখে জলবিন্দুটুকুও কেউ দেখেনি,
হয়ত খাট থেকে তার পড়ে যাওয়াটা দুর্ঘটনা ছিল,হতে পারে অবহেলাও,
তোমরা বলো নারীর সহ্যশক্তি অসীম, 
এই সেদিনই রাস্তায় স্বামীর হাত ধরে ঘোরা মেয়েটা,কত হাসছিল,
স্বামী চাকরির কাজে বিদেশ গেছে দুদিনও হয়নি,
হঠাৎ গ্যাস লিক করে পুড়ে কালো হয়ে গেল সাদা শাঁখাটাও,
কিন্তু শাশুড়িমার নখও স্পর্শ করেনি আগুন,
মেয়েটা শেষবারের মতো চিৎকার করেছিল,'গ্যাসটা লিক হতে পারে না,'
কিন্তু সেদিন তোমরা শুনেছিলে কি ওদের আর্তকন্ঠ?

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ