Advertisement

লাকি ডল (নবম পর্ব)

লাকি ডল
সুচন্দ্রা চক্রবর্তী
নবম পর্ব


সেদিন আর রাজ হোটেলে যাওয়ার প্রয়োজন পড়ল না মিঠির। অফিস থেকে গাড়িতে উঠে বসের দেওয়া ফ্ল্যাটের দিকে চলল ও। চাবি খুলে ফ্ল্যাটে ঢুকেই ওর চক্ষুস্থির! এতো বড়ো ফ্ল্যাট! এই ফ্ল্যাটে যা জায়গা, তাতে ওদের দরমা দেওয়া ঘরের মতো দশটা ঘর ঢুকে যাবে। মনের সুখে ফ্ল্যাটে ঢুকেই দরজা বন্ধ করে দিল ও। গাড়ি দাঁড়িয়ে রইল গ্যারেজে। ড্রাইভার গাড়ি লক করে ফিরে গেল মিঠির কথা মতো। এই ফ্ল্যাটে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নেবে ও, তারপর পায়ে হেঁটে ফিরবে বাড়ি, যাতে বাদল সন্দেহ না করে। হঠাৎই ওর মনে পড়ল, বেরোনোর আগে বাদলকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল ও। ওর মনে হল, বাদল ঠিক আছে তো? ঘুম ভেঙেছে তো ওর?

_________________________


একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________


চিন্তিত মনে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগল মিঠি। কিন্তু বাড়ি ফিরেই সব চিন্তা থেকে মুক্তি পেল ও। ও দেখল, বাদল দিব্যি বসে আছে দাওয়ায়। মিঠি প্রায় ঝাঁপিয়ে পড়ল বাদলের বুকে, 'বাদল, তুমি ঠিক আছো?'
— 'হ্যাঁ, আমি তো ঠিকই আছি, আমার আবার কি হবে! শুধু এটাই বুঝতে পারছি না আমি, তোমায় পৌঁছে দেব বলে তৈরি হতে গেলাম আমি, কিন্তু তারপর ঘুমিয়ে কিভাবে পড়লাম আমি? আমার তো এরকম যখন তখন ঘুমোনোর অভ্যাস নেই!'
— 'আমিও তো খুবই অবাক হয়ে গেছিলাম গো!' মুখে নকল চিন্তার ছাপ এনে মিঠি বলল, 'তোমায় কত ডাকাডাকি করলাম আমি, তুমি তো উঠলেই না! আমার তোমায় দেখে মায়া হল, ভাবলাম সারাদিন কম তো পরিশ্রম করো না, তাই ক্লান্ত হয়ে পড়েছ তুমি, তাই আর বেশি ডাকাডাকি করিনি, কাজে বেরিয়ে গেছি আমি।'
— 'তা ভালোই করেছ মিঠি, আমার ভরসায় থাকলে আজ আর কাজে যেতে হত না তোমায়! তবে মিঠি,' একটু থেমে বাদল বলল, 'আজ যাওয়া হল না ঠিকই, তবে কাল কিন্তু আমি অবশ্যই যাব, তোমায় পৌঁছে দিতে।'
— 'আচ্ছা বেশ, যেও।'
মনে মনে মিঠি ক্রূর হাসি হাসল, 'কাল গেলে তুমি কিচ্ছুটি টের পাবে না সোনা!'

পরেরদিন যথারীতি মিঠি আর বাদল সকালবেলায় বেরোলো একসাথে। মিঠি ফ্ল্যাটের দিকে যাওয়ার রাস্তা ধরল, যে ফ্ল্যাটটা গতকাল আর.কে. দিয়েছেন ওকে।
— 'হঠাৎ এই রাস্তা ধরলে যে মিঠি? কোনো নতুন বাড়িতে কাজ নিয়েছ নাকি?'
— 'হ্যাঁ গো হ্যাঁ, দত্তবাবুদের দয়াতেই এই কাজটা পেয়েছি, দত্তবাবুর এক বন্ধুর ফ্ল্যাটে।'
— 'আচ্ছা আচ্ছা, বুঝলাম।'
অ্যাপার্টমেন্টের সামনে এসেই আগে গ্যারেজের দিকে চোখ গেল মিঠির। লাল গাড়িটার দিকে তাকিয়ে একঝলক লোভাতুর হাসি হাসল মিঠি। এই গাড়ির মালকিন এখন ও।
— 'বাদল, তুমি তাহলে এসো, আমি কাজে যাই।' মিঠি এগিয়ে গেল অ্যাপার্টমেন্টের ভেতরে।
বাদল কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখছিল মিঠির চলে যাওয়া। মিঠি অ্যাপার্টমেন্টের ভেতরে অদৃশ্য হল যেই, বাদলের সম্বিৎ ফিরল, আর মনে মনে ভীষণ রাগও হল ওর পরেশের ওপর।
— 'ফালতু ছেলে একটা, মদের ঘোরে কি না কি দেখেছে, তার জন্য কিনা আমি আমার মিঠিকে সন্দেহ করলাম? ছি ছি!'
মনে মনে লজ্জিত হয়ে বাদল চলে গেল নিজের কাজে।

মিঠি ফ্ল্যাটের ভেতর থেকে লক্ষ্য রাখছিল বাদলের দিকে। বাদল চলে যেতেই ও হাঁফ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি শাড়ি বদলে ফ্ল্যাটে রাখা পোশাক গুলো পরেই লাল গাড়িটায় উঠে বসল ও। ড্রাইভারও উপস্থিত ছিল, মিঠি উঠে বসতেই সে গাড়ি স্টার্ট দিল, গন্তব্য আর.কে. গ্রুপ অফ কোম্পানিস।

এইভাবে কেটে গেল এক বছর। আর.কে.র বদান্যতায় মিঠির পদোন্নতি হয়েছে, মাইনেও বেড়েছে, আর সেই সাথে বেড়েছে মিঠির মনের খুশি আর লোভও। এই সময়ই একদিন লাকি ডল বলল মিঠিকে, 'একশো কোটির মালকিন হওয়ার মোক্ষম সময় এসে গেছে মিঠি!'
লোভাতুর চোখে মিঠি জিজ্ঞেস করল, 'কি রকম?'
— 'এই একবছর আর.কে.র মন যেভাবে জয় করেছ তুমি, তাতে যদি তুমি ওঁকে বিষও খাওয়াও, উনি সেটাই অমৃত ভেবে গিলে বসবেন!'
— 'অ্যাঁ!' মিঠি চমকে ওঠে, 'বিষ টিষ খাওয়াতে হবে? ও বাবা আমি ওসব পারব না লাকি ডল, শেষে মানুষ খুনের দায়ে আমার ফাঁসি হবে!'
— 'আরে ধুস পুরোটা শোনোই না!' লাকি ডলের ভেতর থেকে শোনা যায় রাগত নারীকন্ঠ, 'আমি তো কথার কথা বললাম মাত্র, তোমায় বিষ খাওয়াতে হবে না, তবে মাদক খাওয়াতে হবে, এটা পারবে তো? মাদক খেলে কিন্তু মানুষ মরে না!'
— 'হ্যাঁ হ্যাঁ তা পারব, খুব পারব!'
— 'বেশ, তাহলে পুরো প্ল্যানটা শোনো।'

পরেরদিন একটু দুরুদুরু বুকেই অফিসে পা রাখল মিঠি। লাকি ডলের প্ল্যান যদি সফল হয়, তাহলে তো কথাই নেই, কিন্তু যদি সবটা প্ল্যানমাফিক না হয়, যদি ও ধরা পড়ে যায় আর.কে.র কাছে? আর.কে. যা সাংঘাতিক লোক, ধরা পড়লে চাকরি তো যাবেই, গরাদের ওপারেও যেতে হতে পারে মিঠিকে, আর তাহলেই বাদলও সবটা জেনে যাবে!'

মনে জোর করে কিছুটা সাহস এনে মিঠি হাসিমুখে গেল বসের কেবিনে।

সেদিন অফিসের কাজকর্ম শেষে আর.কে. মিঠিকে ডেকে বললেন, 'আজ আমার বাড়িতে একটা জমজমাট পার্টি আছে ডার্লিং, সন্ধ্যে সাতটার মধ্যেই চলে এসো যেন, তোমায় ছাড়া তো পার্টিটাই ইনকমপ্লিট।'
— 'কি যে বলেন স্যার, আপনি নিজে বললেন আর আমি আসব না আপনার বাড়িতে, তা কি হয়? আমাকে যে আসতেই হবে স্যার!' মনে মনে বাঁকা হাসি হাসল মিঠি।

সেদিন অফিস থেকে মিঠির বাড়ি ফিরতে ফিরতে প্রায় ছ'টা বাজল। বাদল তখনো ফেরেনি। ও বাড়ি থেকে বেরোনোর আগেই বলে গিয়েছিল, আজ ওর ফিরতে রাত সাড়ে আটটা ন'টা হবে। মিঠি ওকে ফোনে জানাল, দত্তবাবুর বন্ধুদের ফ্ল্যাটে আজ অনুষ্ঠান আছে, মিঠিকে তাই সন্ধ্যে সাতটার মধ্যেই ওখানে চলে যেতে হবে, অনেক কাজ আছে ওর ওখানে।
সবটা শুনে বাদল বলল, 'সাবধানে এসো।'

মিঠি যথারীতি ফ্ল্যাটে পোশাক পালটে গাড়িতে চড়ে চলল বসের বাড়ির দিকে। আজ পার্টির জন্য মিঠিকে একটা ঝকমকে পোশাক দিয়েছে লাকি ডল। এখন মিঠি এধরনের পোশাকে অভ্যস্ত, তাই একদমই আপত্তি করেনি পরতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ