পরকীয়া
সুচন্দ্রা চক্রবর্তী
হ্যাঁ আমি পরকীয়া করি,
সেই মেয়েবেলা থেকে যে পুরুষকে ভালোবাসতাম,
আজও সেই পুরুষকেই ভালোবাসি আমি।
কি করব বলো, ভেবেছিলাম বিয়ের পর তোমার মধ্যে তাকে খুঁজে পাব,
কিন্তু আমার জ্বরের দিনে একবারও আমার খোঁজ না নিয়ে উলটে আমার ওপর তোমার বিরক্তি,
সারাদিনের খাটুনির পর রান্নায় নুন কম বেশির জন্য আমায় অপমান করা,
তোমার মা বাবা আমার পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করে যখন,
তখন তোমারও তাতে সায় দেওয়া আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি কখনোই 'সে' হয়ে উঠতে পারোনি,
কোনোদিন পারবে সে আশাও করিনি,
আমার 'সে' যদি তুমি হতে,
তবে আমার প্রেগন্যান্সির দিনগুলোতে আমায় খুশি রাখার চেষ্টাটুকু করতে,
সবসময় ছোটবড়ো কথা শুনিয়ে আমার চোখ ভেজাতে না!
বাচ্চা কান্নাকাটি করলে তাকে বুকে নিয়ে না ভুলিয়ে আমায় 'কেমন মা তুমি? বাচ্চা সামলাতে পারো না!' বলতে না,
আমার কষ্টের দিনে আমায় দোষারোপ না করে বুকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দিতে,
আর তাই তো, আমার 'সে'র সাথে আমি পরকীয়া করি,
তাকে আজও ভালোবাসি আমি,
আর সেও আমায় সবসময় জড়িয়ে রাখে,
তার হাতের স্পর্শ আমার কপালে, গালে লেগে আছে,
আমি সারাদিন সংসারের হাজার কাজের মাঝেও শুধু তার কথাই ভাবি,
তার সরল সুন্দর গভীর চোখ দুখানির কথা ভাবি,
তার মিষ্টি হাসিখানি বুকের মাঝে অনুভব করি,
আমি আজকাল তার চিন্তায় বিভোর থাকি বলে তুমি একদিন আমায় চরিত্রহীনা নষ্ট মেয়ে বলেছিলে,
মনে পড়ে?
মনে পড়ে এই সেদিনই তুমি 'তার' ছবি দেখতে চাইছিলে,
আজ আমি তার ছবি দেখাব, কিন্তু তাকে চিনে নেবার জন্যও যে চোখ চাই,
তুমি সিওর তো যে সেই চোখ তোমার আছে?
আচ্ছা সে নয় নাই থাকুক, তবুও তুমি আমার স্বামী বলে কথা,
তার সাথে তো তোমার আলাপ করিয়ে দিতেই হয়, তাই না?
এসো আলাপ করিয়ে দিই,
কি হল, বুকের আঁচল সরালাম বলে অবাক হচ্ছ?
কিন্তু সে যে এখানেই আছে,
আমার বুকের মাঝে আছে,
আমার স্বপ্নের পুরুষ, ড্রিম বয়,
ঠিক যেমন চরিত্রের মানুষ আমি চেয়েছিলাম জীবনসঙ্গী হিসেবে,
বাস্তবজীবনে সে হয়ত নেই, তবু সে আছে,
আমার মনের গুলবাগিচায় অপেক্ষা করছে ভালোবাসার একতোড়া ফুল হাতে নিয়ে, দেখতে পাচ্ছো?
2 মন্তব্যসমূহ
উফফ এককথায় অসাধারণ। অসম্ভব সুন্দর ভাবে চরিত্র গুলি ও তাদের মনের কথা তুলে ধরা হয়েছে। ভীষন ভালো লাগলো পড়ে, আমি অভিভূত হলাম ❤️❤️
উত্তরমুছুননীল 💘💘💘💘💘💘💘🥀🥀🥀🥀🥀🥀🥀
মুছুন