Advertisement

এক সুন্দর অভিজ্ঞতা

এক সুন্দর অভিজ্ঞতা
সুচন্দ্রা চক্রবর্তী 



গতকাল (১২/১০/২০২১) বন্ধুদের সাথে গিয়েছিলাম দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতে। ঠাকুর দেখা শেষে গেলাম লেক মলে, আজ্ঞে না, কেনাকাটা করতে নয়, পেটপুজো করতে। এ প্যান্ডেল ও প্যান্ডেল ঘুরে ঘুরে সবার পেট তখন চোঁ চোঁ করছে খিদেয়, গেলাম ফুড কোর্টে। সেখানে আমরা যে টেবিলে বসেছিলাম, আমাদের সাথেই দুজন অচেনা মধ্যবয়স্কা মহিলাও বসে ছিলেন। তাঁদের মধ্যেই একজন আমায় জিজ্ঞেস করলেন, 'কোন্ কলেজে পড়ো তোমরা?' 

_________________________

একটি সনির্বন্ধ অনুরোধ :  পড়ুন

_________________________



আমি বললাম, 'আমরা ইউনিভার্সিটি পাশ করে গেছি।' তিনি বললেন, 'ওমা তাই, দেখে মনে হয় তোমরা কলেজে পড়ো!' তারপর তিনি বললেন, 'কোন্ সাবজেক্ট নিয়ে পড়েছ তোমরা?' 



আমি বললাম, 'ম্যাথামেটিক্সে এম.এস.সি করেছি।' শুনেই তিনি বললেন, 'রাজাবাজার থেকে?' বললাম, 'হ্যাঁ।' উনি শুনেই বললেন, 'উফ তোমাদের দেখে কি যে ভালো লাগছে, আর সেই সাথে অবাকও হচ্ছি, কারণ ছোটবেলায় আমি অঙ্কে বড্ড কাঁচা ছিলাম, একবার তো টেস্টে ১০০ তে ১৬ পেয়েছিলাম বলে বাবা আমায় সবসময় ১৬ বলে ডাকতেন, তখন তো আর বাবা মা কিছু বললেই সিলিং ফ্যান থেকে ঝুলে পড়া ছিল না, তাই আমরাও মনে করতাম না কিছু সেসব কথায়। সেই অঙ্ক নিয়ে তোমরা পড়াশুনা করেছ, এম.এস.সি করেছ রাজাবাজার থেকে, তোমাদের দেখে সত্যিই বড়ো ভালো লাগছে গো!' 




আজকালকার দিনে আমরা যেখানে অন্যকে ট্রল করতে পেলে, কারোর সম্পর্কে নেগেটিভ কথা বলার সুযোগ পেলে একেবারেই ছাড়ি না, সেখানে এরকম ভালো মনের মানুষরা আমার কাছে ভীষণ শ্রদ্ধার পাত্র, যাঁরা অচেনা মানুষের কাছে অবলীলায় মনের কথা শেয়ার করতে পারেন, পারেন ভালোকে ভালো বলতে। ❤️


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ