পঞ্চম পর্ব
সুচন্দ্রা চক্রবর্তী
আজ বুধবার।শুরুতেই জি.পি স্যারের ক্লাস।উনি এক মুহূর্তও দেরি করা পছন্দ করেন না,তাই রবি একটু আগে আগেই চলে গেছে কলেজে।কিন্তু ক্লাসরুমে ঢুকেই রবি একটু অবাক হল।সবাই যেন কেমন ভাবে ওর দিকে তাকিয়ে আছে,যেন তাচ্ছিল্যের ভঙ্গিতে,কারোর কারোর মুখে হাসিও লেগে আছে।রবি ঠিক বুঝতে না পেরে নিজের জায়গায় গিয়ে বসল।একটু পরেই অভ্র এল,অভ্র আসতেই ক্লাসের বেশ কিছু ছেলেমেয়ে উঠে গিয়ে কংগ্র্যাচুলেট করল অভ্রকে,তারপর একটু জোর গলায় বলল, 'এইজন্যই বলে রাজা অলওয়েজ রাজাই থাকে,রাস্তায় ভিখারীটা ক'দিনের জন্য মুকুট পরলেই রাজা হয়ে যায় না,শেষ পর্যন্ত রাস্তাতেই নামতে হয় তাকে!'
রবির মনে হল কথাটা যেন ওকে শুনিয়েই বলা হচ্ছে।কিন্তু অভ্র তীব্র প্রতিবাদ করে বলল, 'কে রাজা,আর কে ভিখারী সেটা সময় ঠিক করবে,তোরা ঠিক করার কে?' বলেই এগিয়ে এল রবির দিকে।বলল, 'রবি মন খারাপ করিস না,আর ওই অমানুষগুলোর কথায় তো কানই দিস না,একবার মার্কস ভালো হয়নি তাতে কি হয়েছে?'
— 'মার্কস?কিসের মার্কস রে অভ্র?সেটাই বুঝতে পারছি না তো!'
— 'আয় আমার সাথে আয়,' বলেই রবিকে ক্লাসরুমের বাইরে নিয়ে এল অভ্র।ক্লাস থেকে বেরিয়েই বাঁদিকে একটা লিস্ট ছিল,ওদিকে আঙুল দেখিয়ে অভ্র বলল,'গত সপ্তাহে জি.পি স্যার যে পরীক্ষাটা নিলেন,তার রেজাল্টটা ওই লিস্টে আছে,তুই মার্কসটা দেখে আয়!'
— 'কিন্তু অভ্র এতদিন তো মার্কস স্যার নিজে এসে ক্লাসে বলতেন,আজ তাহলে লিস্ট কেন?'
— 'তুই ভুলে গেছিস রবি,স্যার তো গতকালই ক্লাসে বললেন যে এবার থেকে উনি আর ক্লাসে বলবেন না,লিস্টেই নম্বর রাখবেন সবার,শুনিস নি?'
— 'কাল তো আমি প্রেজেন্ট ছিলাম ক্লাসে,তাও তো মনে পড়ছে না রে!'
— 'কিভাবে মনে পড়বে?হেনাদি মিসিং হওয়ার পর থেকে একটা ক্লাসও মন দিয়ে করিস তুই?'
রবি লিস্টে দেখল,তার প্রাপ্ত নম্বর পঞ্চাশে বাইশ,ক্লাসে সর্বনিম্ন না হলেও প্রায় শেষের দিকেই নম্বর তার।আর অভ্রর প্রাপ্ত নম্বর পঁয়তাল্লিশ,ক্লাসে হায়েস্ট।আর সেজন্যই অভ্রকে কংগ্র্যাচুলেট করতে এসেছিল যারা,তারা রবিকে টোন করছিল ওইভাবে,এতক্ষণে সবটা পরিষ্কার হল তার কাছে।অভ্রকে রবি বলল, 'কংগ্র্যাচুলেসন্স রে,কি দারুণ রেজাল্ট করেছিস তুই!এইভাবেই এগিয়ে যা!'
— 'না রবি না,প্লিজ!আমি একা এগিয়ে যাব বলে তো এই কলেজে আসিনি রবি,আমরা দুজনেই হাতে হাত রেখে এগিয়ে যাব বলেই তো এসেছিলাম রে,তাই আজ আমার একটুও আনন্দ হচ্ছে না,যেদিন দুজনে একসাথে ভালো রেজাল্ট করব,সেদিনই আমি আনন্দ পাব,তার আগে নয়!'
একটু পরেই জি.পি স্যার ক্লাসে ঢুকলেন।ক্লাসে ঢুকেই তিনি গম্ভীরমুখে রবির দিকে তাকালেন,কিন্তু বললেন না কিছুই।এমনকি নম্বর নিয়ে ক্লাসে কোনো কথাই তুললেন না,শুধু ক্লাস শেষের পর রবিকে বললেন,ডিপার্টমেন্টে এসো,কথা আছে তোমার সাথে।
রবি ক্লাস থেকে বেরিয়ে ডিপার্টমেন্টে যাওয়ার পথে শুনতে পাচ্ছিল তার কিছু ক্লাসমেট বলছে, 'না জানি কি যাদু করেছে টিচারদের উপর!জি.পি. স্যারের মতো রাগী মানুষও একটা কথা অব্দি শোনালেন না ওকে মার্কস নিয়ে?এদিকে আমরা ওরকম মার্কস পেলে দেখতিস ঝাড় খাওয়া কাকে বলে!'
রবি কথাগুলো গায়ে মাখল না,সোজা এগিয়ে গেল ডিপার্টমেন্টের দিকে।
সেখানে জি.পি স্যার সহ বাকি শিক্ষক-শিক্ষিকারা ছিলেন।রবিকে দেখেই জি.পি. স্যার বললেন, 'বোসো।'
রবি একটা চেয়ারে বসল।জি.পি স্যার বললেন, 'আমি খুব শকড্ হয়েছি রবি তোমার অ্যানসার শীট টা দেখে!তোমার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিনা এত কম অ্যানসার করেছে!আমি কোশ্চেন হার্ড করেছিলাম ঠিকই,কিন্তু তোমার মতো স্টুডেন্ট তাই বলে এত কম স্কোর করবে?এটা খুবই হতাশাজনক!'
— 'স্যার আসলে আমি একটা সমস্যায় আছি স্যার!পরের পরীক্ষায় আর এরকম হবে না স্যার।'
— 'আমি জানি রবি তুমি পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস।খুব অসুস্থ না হলে তুমি অ্যাবসেন্ট হওনা,ক্লাসেও লেট করো না কোনোদিন।আমি জানি তুমি সিরিয়াস কোনো সমস্যায় পড়েছ বলেই রেজাল্ট ভালো হয়নি।সেইজন্যই তো তোমায় ডিপার্টমেন্টে ডাকলাম,ক্লাসে সবার সামনে কিছু বলিনি।আর কয়েকদিন ধরেই দেখছি তুমি ক্লাসে একটু অন্যমনস্ক থাকো,আমি খেয়াল করেছি সবটাই!'
— 'স্যার আসলে...'
— 'আমি বুঝেছি রবি,তুমি সমস্যার মধ্যে আছো।কিন্তু রবি,জানো তো পড়াশুনার সময়টা খুব অল্প,এই সময়টা চলে গেলে কিন্তু হাজার আফসোস করলেও ফিরে পাবে না।আর সোসাইটি কেমন তা তো তুমি জানোই।ওরা শুধু তোমার হেরে যাওয়াটাই দেখবে,তার পেছনে থাকা কষ্টটা দেখবে না।কিন্তু তোমাকে নিয়ে যে আমাদের সকলের অনেক আশা,স্বপ্ন,এই কলেজের নাম তুমি একদিন আরও উজ্জ্বল করবে আমরা সকলেই জানি।তাই রবি,এখন অনলি পড়ায় কনসেনট্রেট করো,আবার ক্লাসে প্রথম হও তুমি।রবি তোমায় ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট হিসেবেই মানায়,কম মার্কস পাওয়া হেরে যাওয়া স্টুডেন্ট হিসেবে তোমাকে দেখাটা বড়োই কষ্টকর আমাদের পক্ষে!'
— 'স্যার আই অ্যাম এক্সট্রিমলি সরি।আর কক্ষনো এমনটা হবে না,এরপর থেকে সব পরীক্ষাগুলোই আমি ভালো করে দেব স্যার,কথা দিলাম।'
— 'আমি জানি রবি তুমি তোমার কথা রাখবে।এখন তাহলে এসো।আর যেটা বললাম সেটাও মনে রেখো,অনলি স্টাডি কেমন,আর অন্য কোনো দিকে মন নয়।'
— 'ওকে স্যার।'
রবি হোস্টেলে ফিরে পড়ায় মন দিল।সে মনে মনে ঠিক করল পড়ায় এতটুকু খামতি না রাখার পাশাপাশি হেনার খোঁজটা ও নেবার চেষ্টা করবে।
0 মন্তব্যসমূহ