Advertisement

পাঁচিল


পাঁচিল
সুচন্দ্রা চক্রবর্তী

কাউকে কিছু জানানোর নেই,
কাউকে কিছু বোঝানোর নেই,
কাউকে কিছু প্রমাণ দেওয়ার নেই,
কারণ তুমি আছ,
তোমার নরম বুকে মাথা রাখলে
ওদের কোনো শক্ত অস্ত্রই আমায় আঘাত করতে পারে না,
তোমার হাতটা আমার কানের ওপর রাখলে
কোনো অশালীনতা আমার কানে প্রবেশ করে না,
তোমার হাতটা আমার মাথার ওপর রাখলে
কোনো ভয়কেই আমি গ্রাহ্য করি না,
তুমি শক্ত করে আমার হাতটা ধরলে
আর কারোর কথার আঁচড়েই চোখে জল আসে না,
হ্যাঁ ওরা সংখ্যায় অনেক বেশি,
কিন্তু ওরা যে দুর্বল, অপুষ্টিতে মৃতপ্রায়, 
তাই তো তোমার মত মজবুত প্রাচীর ভেদ করে আমার কাছে ঘেঁষতে পারে না,
তাই তো কৈফিয়তও দিতে ভুলে গেছি একদম, 
পাঁচিলের বাইরেটা খুব শক্ত,
একেবারে হীরের মতো,
কিন্তু আমার কাছে তুলোর চেয়েও নরম,
এভাবেই থেকো তাই,
পাঁচিল হয়ে,
আমি না হয় ওই পাঁচিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ