Advertisement

সেলিব্রিটি

সেলিব্রিটি
সুচন্দ্রা চক্রবর্তী 


আজ সন্ধ্যেয় নায়িকা পিউ সেন আসছেন নমিতাদের পাড়ায় শুটিং এর কাজে।তাই সকাল থেকেই নমিতার আজ বড্ড ব্যস্ততা। পিউ সেনের বড়ো ফ্যান ও।ঘরের দেওয়াল,মোবাইলের গ্যালারি তার ছবিতেই ভর্তি নমিতার।তাই আজ বিকেলে নায়িকাকে দেখতে যাবে,সঙ্গে অটোগ্রাফও নেবে,আর তেমন সুযোগ পেলে দু'একটা সেলফিও.....।
খুব সুন্দর করে সেজেগুজে নমিতা নির্ধারিত সময়ের আগেই হাজির হয়েছে।আস্তে আস্তে আরও অনেক মানুষের ভিড় জমতে লাগল।প্রায় একঘণ্টা পর শোনা গেল, পিউ সেন আসছেন।সামনে একটা বডিগার্ডদের গাড়ি,পিছনে পিউ সেনের গাড়ি।জানালার কাচ নামিয়ে পিউ সেন হাসি মুখে হাত নাড়তে লাগলেন।পিছনে আরও একটা বডিগার্ডদের গাড়ি।এরপর পিউ সেন গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলেন,বডিগার্ড পরিবেষ্টিত হয়ে।নমিতা ছুটে গেল,'ম্যাডাম,ম্যাডাম,একটা অটোগ্রাফ প্লিজ..... ',বডিগার্ডদের ধাক্কায় পড়ে গেল ও।মাথা ফেটে রক্ত পড়তে লাগল।সেইদিন নমিতা প্রতিজ্ঞা করেছিল,ও যদি কোনোদিন সেলিব্রিটি হতে পারে,তবে কখনো ফ্যানদের সাথে এমন আচরণ করবে না।
বহুবছর কেটে গেছে।নিজের চেষ্টায় নমিতা আজ নামী মডেল।অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে।নমিতা এখন নিজের গাড়িতে চড়ে একটা ফ্যাশন শোয়ে যাচ্ছে।হঠাৎ কোথা থেকে বেশ কিছু লোকজন ছুটে এসে গাড়িটা আটকে বলল,'ম্যাম প্লিজ,একটা অটোগ্রাফ.... 'নমিতা বিরক্ত হয়ে ড্রাইভারকে বলল,'গাড়ি থামালে কেন?আরে আমার লেট হয়ে যাবে তো!'
- 'কিন্তু ম্যাডাম লোকগুলো!'
- 'ছাড়ো তো,কে মরল কে বাঁচল আমার দেখার দরকার নেই।কুকুরের মত গাড়ির সামনে এসে দাঁড়ালে চাকার তলায় পিষবেই,এতে আশ্চর্য কি?'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ