শত্রুমিত্র
সুচন্দ্রা চক্রবর্তী
পঞ্চম পর্ব
শিপ্রার মাথায় সস্নেহে হাত বুলিয়ে রিমঝিম বলল,'আর কখনো 'বাঁচব না',এসব কথা ভুলেও ভাববি না।একটা জিনিস জানবি,আর কেউ তোর পাশে থাকুক আর না থাকুক,এই রিমঝিম থাকবে,সবসময় থাকবে তোর পাশে তোর হাতটা ধরে।'
— 'রিমঝিম!আমি তোকে এতদিন ধরে কত ভুল বুঝেছি,কত অপমান করেছি অকারণে,তোর নাম শুনলেই গা জ্বালা করত আমার আর সেই তুই...'
— 'শিপ্রা,আমিও তো কত খারাপ ব্যবহার করেছি তোর সাথে,কিন্তু আজকের দিনটা না এলে আমি জানতেই পারতাম না যে,যে মেয়েটাকে এতকাল আমার শত্রু ভেবে এসেছি,সে আমার মনের এতখানি জায়গা জুড়ে ছিল!'
— 'সত্যি রে রিমঝিম,তুই যে আমায় নিয়ে এতখানি কনসার্ন সেটা আজকের দিনটা না এলে আমি সত্যিই বুঝতাম না!'
— 'শিপ্রা,আমি ছোটবেলা থেকে অনেক অন্যায় আচরণ করেছি তোর সাথে,তুই ক্ষমা করিস আমায় প্লিজ!' শিপ্রার হাতদুটো ধরে রিমঝিম বলল।
— 'ওরকম ভাবে বলিস না রিম,অন্যায় কি আমিও কিছু কম করেছি বল্?'
— 'শিপ্রা,তুই আমায় রিম বললি?রিম তো আমায়.....'
— 'জানি,যারা তোকে ভালোবাসে তারা তোকে রিম বলে ডাকে,তাই তো?আমিও যে তোকে ভালোবাসি রে রিম,বড্ড ভালোবাসি।তুইও আমায় শিপু বল্ না রে একটিবার!'
— 'দুর বোকা,একবার কেন,আজ থেকে তোকে আমি শিপু বলেই তো ডাকব রে পাগলী!আয় বুকে আয়!'
শিপ্রা আর রিমঝিম একে অপরকে জড়িয়ে ধরল।
ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমেছে শহরে।হঠাৎ একটা সমবেত হাততালির শব্দ শোনা গেল।চমকে শিপ্রা আর রিমঝিম তাকিয়ে দেখে,শিপ্রার বাপি-মাম্মাম,রিমঝিমের পিপি,সৌরভ,ঝুম্পা,এছাড়াও রিমঝিমের সব ক্লাসমেটরা দাঁড়িয়ে আছে,আর হাততালি দিচ্ছে।শিপ্রা আর রিমঝিম কিছু না বুঝে হতভম্বের মতো তাকিয়ে রইল।
রিমঝিমের পিপিই এগিয়ে এসে মৌনতা ভাঙলেন,'তাহলে?এতদিনের শত্রুতা তাহলে আজ মিটল নাকি?দুই শত্রু মিত্র হল আজ তাই তো?'
— 'পিপি তুমি কি বলছ?'
— 'সবটাই জানবে রিম,সবটাই জানবে।' শিপ্রার বাপি বললেন,'যে কাজটা এতদিন আমরা শত চেষ্টা করেও পারিনি,সেটা সৌরভ এক নিমেষে করে ফেলল।'
— 'কি কাজ বাপি?' শিপ্রা অবাক হয়ে তাকিয়ে রইল।
— 'কি আবার?যে শিপ্রা রিমঝিম এতদিন একে অপরের মুখ দেখা তো দূর,নাম পর্যন্ত শুনতে চাইত না,তারা আজ গলায় গলায় বন্ধু।এটা তো সম্ভব হয়েছে সৌরভের জন্যই!' শিপ্রার মা এগিয়ে এসে বললেন।
— 'সত্যি,আমাদের সৌরভের মতো ভালো ছেলে দুটি হয় না গো!'
— 'থাক বাপি,থামো এবার।একটা ঠগ জোচ্চোরের এত প্রশংসা কোরো না তো,যাস্ট নিতে পারছি না আমি!' শিপ্রা বিরক্তমুখে বলল।
— 'একদমই তাই!' রিমঝিম সমর্থন করল শিপ্রার কথা।
— 'থাম তো তোরা!আগে শোন সবটা,তারপরেই না হয় সৌরভের বিচার করিস।' রিমঝিমের পিপি বললেন।
— 'হ্যাঁ,আজ অসম্ভবকে সম্ভব করেছে তো সৌরভই!' শিপ্রার বাপি বললেন।
— 'এভাবে বলবেন না আঙ্কেল,প্ল্যানটা তো আপনাদেরই ছিল,আমি অভিনয় করেছি মাত্র!' সৌরভ সলজ্জ হাসিমুখে বলল।
— 'কি?প্ল্যান,অভিনয়, এসব কি!' শিপ্রা আর রিমঝিম অবাক হয়ে তাকিয়ে রইল।
— 'শোন বলি তবে,' শিপ্রার বাপি বলতে শুরু করলেন,'শিপু মা,তুই যেদিন সৌরভকে আনলি আমাদের বাড়িতে,সেদিন আগে থেকেই মনে মনে একটা প্ল্যান ছকে রেখেছিলাম আমি,তোর মাম্মাম,আর রিমঝিমের পিপি।সৌরভ আসতেই ওকে ঘরে ডেকে নিয়ে গিয়ে আমাদের সব প্ল্যান বুঝিয়ে দিলাম ওকে।আমরা জানতাম,যে শিপু আর রিম যতই একে অপরের প্রতি সবসময় বিরক্তি দেখাক,আসলে একে অপরকে নিয়ে ওরা ছোট থেকেই কনসার্ন।একজন অসুস্থ হলে অন্যজন মুখে কিছু বলত না ঠিকই,কিন্তু মনে মনে টেনশন করত,সেটা আমরা ভালোই বুঝতাম।এই ব্যাপারটাকেই আমরা কাজে লাগালাম,আর আমাদের সাহায্য করল সৌরভ।'
— 'তার মানে বাপি সৌরভ যা করেছে....'
— 'হ্যাঁ,সৌরভ শুধু নয়,ঝুম্পা,রিমের ক্লাসমেটরা সবাই আমাদের প্ল্যানে অংশ নিয়েছিল।কারণ সবাই চেয়েছিল তোদের দুটির সব অশান্তি মিটে যাক।'
— 'তার মানে ঝুমির রিলেশনশিপ সৌরভের সাথে,প্রোপোজ করা ঝুমিকে সৌরভের,সবটাই...'
— 'হ্যাঁ,সবটাই মিথ্যে,সবটাই অভিনয়।যাতে তোদের এতদিনের ঝগড়া মেটে সেজন্যই।'
— 'সৌরভ!' শিপ্রা এগিয়ে গেল সৌরভের দিকে,'আমি তোমায় ভুল বুঝে যা নয় তাই বলেছি,আই অ্যাম সো সরি।আমায় ক্ষমা করে দাও প্লিজ!'
— 'দুর পাগলি,এরকম ভাবে কেউ বলে!'সৌরভ শিপ্রার হাতদুটো নিজের মুঠোয় নিয়ে বলল,'আসলে শিপ্রা,প্রকৃত বন্ধু এযুগে বড়োই বিরল।তাই একজন খাঁটি বন্ধুর বড়োই দরকার এযুগে।আর তুমি আর রিমঝিম সেই দুই বন্ধুই,যারা মুখে ঝগড়া করে অবিরাম,কিন্তু মনে মনে একে অন্যকে নিয়ে বড্ড কনসার্ন।তাই তো মিলিয়ে দিলাম তোমাদের দুজনকে।'
— 'সৌরভ, আমায় ক্ষমা কোরো,আমিও না বুঝে তোমায়...' রিমঝিম লজ্জিত হয়ে বলল।
— 'না না,নো সরি এখন,এখন শুধুই আনন্দ।কোনো সরি টরি না,ওকে!'
— 'হ্যাঁ একদম,আজ বড়ো আনন্দের দিন আমাদের সকলের।চলো একটা ছোটখাটো অনুষ্ঠান হয়ে যাক আজ বাড়িতে!' শিপ্রার বাপি বললেন।
— 'হ্যাঁ একদম!আর রিমঝিম,তুমিও চলে এসো তোমার পিপিকে নিয়ে আজ আমাদের বাড়িতে।'
— 'নিশ্চয়ই যাব আন্টি,কিন্তু বিরিয়ানি বানাতে হবে ডিনারে!'
— 'আচ্ছা বেশ,বানাব রে।'
— 'বিরিয়ানি?কেন রে?বাঙালি মেয়ে,কোথায় লুচি আলুর দম খাবে,তা নয় বিরিয়ানি!মা,আজ বাড়িতে লুচি আলুর দম হবে,কোনো বিরিয়ানি-টিরিয়ানি নয়!'
— 'না বিরিয়ানি হবে!'
— 'না লুচি আলুর দম!'
— 'বিরিয়ানি!'
— 'লুচি আলুর দম!'
— 'আচ্ছা বেশ বেশ,আবার ঝগড়া শুরু করিস না,আমি দুটোই বানাব আজ,চল তো এখন সব!' হেসে বললেন শিপ্রার মা।
(সমাপ্ত)
1 মন্তব্যসমূহ
Darun ending golpotar
উত্তরমুছুন