সুচন্দ্রা চক্রবর্তী
ভালোবাসো?তাই বুঝি?অতই সোজা?তাহলে সবাই প্রেমিক বা প্রেমিকা হতে পারত।না গো না,ভ্যালেন্টাইনস ডে তে আর সরস্বতী পুজোয় একসাথে ঘুরলেই যদি একে অপরের মনও ঘুরে আসতে পারতে তাহলে এত মেট্রোয় ঝাঁপ,ডিভোর্স, খুন এসব হত কি?শুধু ১২ টায় বার্থডে উইশ করলে আর ভিডিও কল করলেই লাভার হওয়া যায় না,শুধু চেনা প্রিয়জন হতে পারো,এইটুকুই।কি দরকার অত আড়ম্বরের?সোশ্যাল মিডিয়ায় একে অপরের কাঁধে মাথা হেলানো ছবি দিলেই প্রেমিকা হওয়া যায়?না অন্যপক্ষের মানুষটির ডিএসএলারে তোলা ব্যাকগ্রাউন্ড ঝাপসা ছবি প্রোফাইল পিকচার বানালেই প্রেমিক হওয়া যায়?না,ওগুলোকে অন্তত আমি ভালোবাসা বলি না।
ভালোবাসার গভীরতা কি বোঝো ১৩ বছরের 'রিলেশনশিপ'?ভালোবাসা মানে সবার সামনে লোকদেখানো হাজারটা গোলাপ ফুল দিয়ে প্রোপোজ?কেন?প্রোপোজ কি এত জরুরি প্রেমের জন্য?মনের অনুভূতি প্রকাশ না করে বাড়তে দাও মনের ভেতরে,ভালোবাসার কুঁড়িটাকে মহীরুহ হতে দাও না মনের ভেতরে।আসলে অত তাড়াহুড়োয় প্রেমটা হয় না অন্তত, দুদিন আলাপ,তিনদিনের দিন সাড়ম্বরে প্রোপোজ ও নিজের গোটা মাসের মাইনে দিয়ে ডিনার খেতে যাওয়া,ভাই,এসব আমি আদিখ্যেতা ছাড়া আর কিছু বলতে পারি না,বিশ্বাস করো।কি দরকার আছে,প্রথম দিন থেকেই তাকে যদি হাজারটা দামী গিফট দিতে শুরু করো উল্টোদিকের মানুষটা ভাববে ভালোবাসার মানে শুধু এই,গিফট দেওয়া নেওয়া,শপিং, আর লাঞ্চ বা ডিনার,ব্যস,এর বাইরে আর কিছুই না।সব ব্যাপারে কি এত ঢাক পেটানো জরুরি?তারপর অন্যজন যেই চোখের আড়াল হল,ব্যস!বা মেয়েটি কোনো ছেলেবন্ধু বা ছেলেটি কোনো মেয়েবন্ধুর সাথে একটু বেশিক্ষণ হেসে কথা বলেছে কি ব্যস!সব উবে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম স্ট্যাটাস দিতে শুরু করল!কি যে হাসি পায়,উফ্!এগুলোও নাকি 'ভালোবাসা'!আরে অতই সহজ প্রেমিক-প্রেমিকা হওয়া?
যে সম্পর্কে ত্যাগ নেই,তাকে 'রিলেশনসিপ' বলে বস,'লাভ' বলে না।আমি যাকে ভালোবেসেছি,আজ সে হঠাৎ বেটার কাউকে পেয়ে তাকে গেল বিয়ে করতে,আমি তাকে অ্যাসিড ছুড়ে মারলাম,বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলাম,হেঃ,এটা ভালোবাসা ছিল না,ছিল অধিকারবোধ।হ্যাঁ,আমি ওকে ভালোবাসি,কোনোদিনও জানাতে পারিনি,আজ ওর বিয়ে,শরীর খারাপের অজুহাতে গেলাম না,বেডরুমের সবকটা বালিশ ভেজাবো বলে,কিন্তু ওকে ঘৃণা করার কথা স্বপ্নেও ভাবব না,প্রাণপণে চাইব ও সুখী হোক।তারপর হয়তো সময়ের স্রোতে ওর স্মৃতিও মুছে যাবে(সবার ক্ষেত্রে অবশ্য খাটে না)মন থেকে।
ঢ্যাঁড়া না পিটিয়ে বরং অপটু হাতে একটা ডায়েরী খরচ করো,দেখো প্রেমের মর্ম কিছুটা হলেও বুঝবে।'ইন এ রিলেশনশিপ' স্ট্যাটাস তো সবাই দিতে পারে,ভালোবাসতে পারে কজন?
1 মন্তব্যসমূহ
একদম ঠিক।
উত্তরমুছুন