Advertisement

শিক্ষকদিবসের শুভেচ্ছা

শিক্ষকদিবসের শুভেচ্ছা
সুচন্দ্রা চক্রবর্তী



শিক্ষকদিবসের শুভেচ্ছা জানিও তোমার পাশে বসে থাকা সেই শান্ত মেধাবী সহপাঠীকে,
রাগী স্যারের পড়া বুঝতে না পারলেই এক ছুটে নির্দ্ধিধায় চলে যেতে পারো যার কাছে পড়া বুঝে নিতে,
শিক্ষকদিবস জানিও তোমার থেকে দশ বছরের ছোট  সদ্য স্কুল পাশ করা ছেলেটিকে,
যে সেদিন রাস্তায় সকলের সামনে হওয়া এক নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছিল,
তোমরা তো সাহসেই কুলিয়ে উঠতে পারছিলে না,মনে পড়ে?
সেই ছেলেটাই তো এগিয়ে গেল সবার আগে,
ওকে দেখেই তো সাহস পেলে তোমরা সকলে,



শিক্ষকদিবসের শুভেচ্ছা জানিও সেই একরত্তি সাত বছরের মেয়েটাকেও,
যে তোমার কাছে টিউশনি পড়তে এসে তোমার ঘরে রাখা খাঁচাবন্দি পাখিটাকে দেখে নির্বিকার চিত্তে প্রশ্ন করেছিল, 'দিদিমণি,আপনি যে তবে সেদিন শেখালেন স্বাধীনতার কথা?'
সেদিন সন্ধ্যেবেলাতেই ছাদে গিয়ে পাখিটাকে মুক্ত করে দিয়েছিলে তুমি,মনে পড়ে?



শিক্ষকদিবসের শুভেচ্ছা জানিও তোমার দেড় বছরের কন্যাশিশুটিকেও,
ও জন্মানোর আগে তুমি কথায় কথায় মেয়েদের নিয়ে হাসতে,
'মেয়েরা দুর্বল,বুদ্ধি হাঁটুর নীচে' একথা কতবার যে বলেছ স্ত্রীকে তার হিসেবই নেই,
অথচ যেদিন প্রথম দেখলে তোমার কন্যাসন্তানকে হাসপাতালে, 
সেদিনই তুমি যেন অন্য মানুষ হয়ে গেলে,



মেয়েকে কোলে নিয়ে সস্নেহে বললে,'আমার সোনা সব পারবে একদিন,জয় একদিন নিজে এসে ভূলুন্ঠিত হবে ওর পায়ে,'
সেদিন থেকে মেয়েরা আর দুর্বল নয় তোমার কাছে,বরং সবচেয়ে বেশি ক্ষমতাশালী,
প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তো ও তোমায় বদলে দিল,তাই না?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ