স্বভাবজাত মাতৃত্ব
সুচন্দ্রা চক্রবর্তী
আটবছরের রিমি,সাতাশ বছরের রুমকি,বাষট্টির বিপাশা ওরা আজ আর পৃথিবীতে নেই,
রিমিকে ধর্ষণ করে খুন করেছে তারই দাদুর বন্ধুরা মিলে,
'মা,আমাদের কাছে আয়,চকলেট দেব!' কথাটা শুনেই রিমি ছুটে গিয়েছিল দাদুর বন্ধুর বাড়ি,
সাতাশ বছরের রুমকিকে ধর্ষণ করে তার ছিন্নভিন্ন শরীরটাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন তার শ্বশুরমশাই,
বাড়িতে কেউ ছিল না তখন,রুমকিও অফিসে কাজ করছিল,হঠাৎ শ্বশুরমশাইয়ের ফোন, 'মা,শরীরটা খারাপ করছে বড্ড,একবার বাড়ি আসবি মা?ছেলেটাকেও ফোন করলাম,ও আসছে বলল!'
বাষট্টির বিপাশাকে ধর্ষণ করা হয়েছিল,কিন্তু খুন করা হয়নি,আত্মহত্যা করেছিলেন তিনি,
পাশের বাড়ির যে যুবকটি তাঁকে মামণি বলে ডাকত,বলত, 'তুমি আমার মায়ের মতোই,' সেই ছেলে তাঁর শরীর ভোগ করেছে সুস্বাদু খাবারের মতোই,
আসলে 'মেয়েমানুষ'গুলোর মন বড়ই বিচিত্র জানেন!
শিশু হোক বা বৃদ্ধা, 'মা' বলে ডাকলেই তারা কাছে টেনে নেয়,
জেগে ওঠে মনের কোণে লুকোনো স্বভাবজাত মাতৃত্ব,
বিশ্বাস করে ফেলে অন্ধের মতো।
0 মন্তব্যসমূহ