দুটি কবিতা
প্রিয় পাঠক পাঠিকা,আপনাদের জন্য রইল ভিন্নস্বাদের দুটি কবিতা।
১)
ক্ষমা করিনি
সুচন্দ্রা চক্রবর্তী
তোকে আজও ক্ষমা করিনি জানিস,
কেন বলতো?
মিথ্যে বলেছিলি সেদিন,
তুই আমার বেস্টফ্রেন্ড হয়েও এটা বুঝিসনি যে মিথ্যে আমার কাছে কতটা জ্বালার,
এর থেকে নিজের হাতে বিষ তুলে দিতিস আমার মুখে,
কিন্তু এ কি করলি তুই?
একবারের জন্যও বুঝতে দিলিনা যে তুই আর নেই ইহলোকে,
অ্যাক্সিডেন্টে মারা গেছিস দুপুরেই,
তবু বান্ধবীর মন রাখতে ঠিক হাজির হয়েছিলি আমার বিয়েতে,
চলে যাওয়ার সময় হাতে হাত রেখে বললি,সারাজীবন আমার পাশে থাকবি,
কেন মিথ্যে বললি বন্ধু?
জানিস যখন কথা রাখতে পারবি না,
তোকে ক্ষমা করিনি আমি,
কিন্তু ওকি?কে ওখানে?বন্ধু তুই?
— 'হ্যাঁ রে,কথা রাখার জ্বালা যে বড়ো জ্বালা,
তাই তো মরেও শান্তি নেই,
এবার যে আমার কথা রাখার পালা।'
২)
লিঙ্ক চাই
সুচন্দ্রা চক্রবর্তী
আমাদের ভাইরাল হওয়া ভিডিওর লিঙ্ক চাই,
হোক না তাতে কারোর চূড়ান্ত সম্মানহানি!
আমাদের লিঙ্ক চাই,
হোক না তাতে কেউ পরিবারের কাছে,সমাজের কাছে হাসির পাত্র,নিন্দার পাত্র,ঘৃণার পাত্র!
আমাদের লিঙ্ক চাই,
নষ্ট হোক না তাতে কারোর জীবিকা অর্জনের পথটুকু!
আমাদের লিঙ্ক চাই,
যেতে হোক না তার জন্য তাকে ডিপ্রেশনে!
আমাদের লিঙ্ক চাই,
হোক না তাতে কাউকে নিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত, চেষ্টা করুক না কেউ করতে আত্মহত্যা!
আমাদের লিঙ্ক চাইই চাই,
নইলে মজা নেব কিভাবে!
আমাদের লিঙ্ক চাইই চাই,
নইলে ক্রিটিসাইজ করার মতো লোক খুঁজে পাব কেমনে?
0 মন্তব্যসমূহ