Advertisement

সামাজিক অণুগল্প

সামাজিক অণুগল্প 

প্রিয় পাঠক-পাঠিকা,আপনাদের জন্য রইল দুটি সামাজিক অণুগল্প : 

১)


রূপের খোঁটা
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'ওই পিঙ্কি,তোর নাকি বিয়ে শুনলাম পরের মাসের সাতাশ তারিখে?'
— 'হ্যাঁ রে লাবণ্য, ঠিকই শুনেছিস তুই।'
— 'আচ্ছা।তা বলছি এই পিঙ্কি,' গলার স্বর নিচু করে লাবণ্য জিজ্ঞেস করল, 'অরিন্দম তোর চার নম্বর বয়ফ্রেন্ড না রে?নাকি পাঁচ নম্বর?'
 পিঙ্কি কিছু একটা বলতে যাচ্ছিল,ওকে থামিয়ে দিয়ে লাবণ্য বাঁকা হাসি হেসে বলল, 'আরে বস,এতে এত হেজিটেট করার কি আছে?সুন্দরী মেয়েদের জীবনে ওরকম অনেক ছেলে আসে,এ আর নতুন কথা কি!' বলেই লাবণ্য চলে গেল।
 পিঙ্কি কিছু বলল না,ওর চোখে জল এল।শুধু লাবণ্যই নয়,এ সমাজ তাকে নিয়ে আড়ালে হাসে।পিঙ্কি ডাকসাইটে সুন্দরী,শুধু সেটুকুই সকলে দেখল,কেউ তার মন বুঝল না অরিন্দম ছাড়া।সে কিভাবে এ সমাজকে বোঝাবে যে আর পাঁচজন মানুষের মতো সেও ভালোবাসা চায়,কিন্তু আগের তিনজন প্রাক্তন প্রেমিক শুধু তার রূপটুকুকেই ভালোবেসেছে,ভালোবেসেছে তার শরীর,মন বোঝার চেষ্টা করেনি এতটুকু।অরিন্দমই প্রথম মানুষ তার জীবনে যে তাকে সত্যিকারের ভালোবেসেছে,আগলে রেখেছে সবটুকু দিয়ে ঝড়ের দিনে।অথচ সমাজ সবটুকু দেখেও যেন অন্ধ,তাকে দেয় শুধুই রূপের খোঁটা।

২)


মূল্যায়ন ক্ষমতা
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'সীমা তুই?তুই ফার্স্ট হয়েছিস এবছর?' অনিকেত স্যার অবাক গলায় প্রশ্ন করলেন।
— 'হ্যাঁ স্যার,ও।' সীমার সহপাঠীরা বলল।
  সীমা বড্ড চুপচাপ শান্তশিষ্ট একজন মেয়ে।শিক্ষক-শিক্ষিকাদের সাথে খোশগল্পে মগ্ন হতে পারেনা ও,শুধু পড়াশুনাটুকুই করে মন দিয়ে।তাই অনিকেত স্যার সেভাবে পছন্দ করেন না সীমাকে,কারণ কিছু কিছু শিক্ষক-শিক্ষিকার কাছে যে স্টুডেন্ট কথাবার্তা বেশি বলে,বাচালতা বেশি করে,তারাই কাছের স্টুডেন্ট হয় বেশি।সীমা শান্তশিষ্ট হওয়ার জন্য এধরণের শিক্ষক-শিক্ষিকার কাছে ওকে কম হাসির পাত্রী হতে হয়নি সকলের সামনে।'তুই কি বোবা,কথা বলতে পারিস না?' বা 'স্বভাব যায়না মরলেও' টাইপের কথাগুলো উঠতে বসতে শুনতে হয় সীমাকে।সীমা খুব কষ্ট পায় এসবে।অথচ ওর মনের কষ্টটা ওকে সবার সামনে প্রতিনিয়ত হাসির পাত্র করে তোলা টিচাররা বোঝেননি কোনোদিনও,চেষ্টাই করেননি বোঝার।কারণ তাঁরা যে তথাকথিত উচ্চশিক্ষিত,তাঁরা মনে করেন,সকলকে হতে হবে একইরকম, সকলেই হবে সবার মতো।ছাত্রছাত্রীদের মূল্যায়ন করার ক্ষমতা সত্যিই হারিয়েছেন অনিকেত বাবুর মতো শিক্ষক-শিক্ষিকারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ