কেন বোঝোনা
সুচন্দ্রা চক্রবর্তী
আমার বয়স যত বাড়ে,ততই কেন দূরে সরে যাও তোমরা?
কেন বোঝোনা,আট বছর বয়সে যতটা কাছে পেতাম তোমাদের,
আঠারো-আঠাশে তার চেয়ে আরও বেশি সান্নিধ্য পেতে ইচ্ছে করে তোমাদের,
ওই বয়সে খেলার গাড়ি হারিয়ে গেলে কাঁদতাম,
আর আজ চেনা মানুষ হারিয়ে গেলে কাঁদি,
সেই সময় তোমার কোলে মাথা রেখেই কাঁদতে পারতাম মা,
তুমি মাথায় হাত বুলিয়ে বলতে, 'আরও সুন্দর গাড়ি কিনে দেব তোকে,কাঁদিস না বাবু!'
আজ তবে যখন চেনা মানুষ অচেনা হয়ে যায়,হারিয়ে যায় জীবন থেকে,
তখন কেন একলা ঘরে বসে বালিশ ভেজাতে হয় দরজা বন্ধ করে?
কেন আজও তোমার বুকে মাথা রেখে কাঁদতে পারিনা মা?
কেন সেদিনের মতো আজও বলো না, 'তোর জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে দেখিস,যে সময়ের স্রোতে অচেনা হয়ে যাবে না'?
সেদিন মাটির পুতুল ভেঙে গেলে কাঁদতাম,বাবা বলত, 'আজ তোকে মেলা থেকে ঘুরিয়ে আনি চল!' বলে হাত ধরে মেলায় নিয়ে যেতে,কখনো নদীর ধারে নিয়ে যেতে,
আজ যখন স্বপ্ন ভেঙে গেলে কাঁদি,সে কান্নাও আমায় কেন লুকোতে হয় বাবা?
সেদিনের মতো আজও কেন আমার হাতটা ধরে বলো না, 'চল মেলা থেকে ঘুরে আসি?বা,নদীর পাড়ে গিয়ে বসে আসি'?
তোমরা কেন বোঝোনা,সেদিনের কষ্টগুলোর চেয়ে আজকের কষ্টগুলো অনেক বেশি তীব্র?
কেন বোঝোনা,প্রিয় শোপিস ভাঙার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাটা আরও বেশি অসহনীয়?
কেন বোঝোনা,বয়স বাড়লে প্রিয়জনের সংখ্যা কমে যায় আস্তে আস্তে,ছোটো হয়ে যায় প্রকৃত বন্ধুবৃত্ত?
কেন বোঝোনা,সেদিন সামান্য হাত ছড়ে গেলে সকলের সামনে কাঁদতে পারতাম অনায়াসে,আজ বুকের ভেতর অসংখ্য কাটাছেঁড়া নিয়ে ঘুরতে হয় হাসিমুখে,
কান্না চাপতে হয় দাঁতে দাঁত চেপে,
কেন সন্তানের বয়স বাড়লে দূরে সরিয়ে দাও তাকে?
কেন বোঝোনা,বয়স বাড়লে সমানুপাতিক হারে একাকীত্বটাও বাড়ে?
1 মন্তব্যসমূহ
Darun laglo
উত্তরমুছুন