সুচন্দ্রা চক্রবর্তী
হ্যাঁ অন্যরকম, বড্ড অন্যরকম তুই,
মাঝে মাঝে অসহ্য হয়ে উঠিস ভীষণরকম,
শীতের সকালের চায়ের থেকে,
আমার চোখ কুঁচকানো নাক-মুখ থেকে বেরোনো ধোঁয়া তোকে উষ্ণতা দেয় বেশি,
গাছে এত কষ্টে রোজ জল-সার দিয়ে ফুল ফোটালাম,
তুই সেই আমার হাতে বানানো ছিঁড়ে যাওয়া কাগজফুলটাই বারবার গালে ঘষবি,
নিজের গোটা মাসমাইনে দিয়ে দামী পেন্টিং নিয়ে এলাম তোর জন্য,
তুই সেই আমার আনাড়ি হাতে আঁকা স্কেচগুলোই ডায়েরির ফাঁকে লুকিয়ে রাখবি,
এত দামী রঙ নিয়ে এলাম দোলের দিন,
তুই সেই আমায় কাদাই মাখাবি আর নিজেও মাখবি,
বারবার বলি,আর কেন?
এবার তো রান্নার লোক রাখ,
তুই সেই আমার হাতের পোড়া রুটি আর নুনছাড়া তরকারিই ঠেসে দিবি মুখে,
সবাই তোকে বলে তুই রুচিহীন,লজ্জা করে না তোর?
এত অসহ্যকর কেন তুই?
কেন এত অন্যরকম?
0 মন্তব্যসমূহ