Advertisement

কে তুমি!


কে তুমি!
সুচন্দ্রা চক্রবর্তী 

তোমার জীবনের যাবতীয় দুঃখ আকন্ঠ পান করে শরীর জ্বলেছে বীভৎস, 
তুমি তা দেখোনি,শুধু জিজ্ঞেস করেছ,'কে তুমি!'
তোমায় আগলাতে গিয়ে সমাজের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছে হৃদয়,
হাসিমুখে ঢেকেছি সেই আঘাতের চিহ্ন,
তুমি দেখোনি,শুধু প্রশ্ন করেছ,'কে তুমি?'
নিজের জীবনবৃক্ষ থেকে সুখফুলগুলোকে টেনে ছিঁড়ে এনে দিয়েছি তোমার হাতের মুঠোয়, 
তুমি সেসব নিয়েছ অবলীলায়,দেখোনি আমার মনের গাছটায় আর ক'টা কুঁড়ি অবশিষ্ট আছে,
সেই একই প্রশ্ন ছুড়ে দিয়েছ,'কে তুমি!'

তোমার জ্বরের রাতে তিনদিন ছিলাম তোমার বিছানার পাশে,
চারদিনের দিন আমিও জ্বর বাধালাম,
তুমি একবারটিও খোঁজ নিলে না,কারণ তোমার কাছে তো আসলে 'কে আমি!'
সারসত্য কি জানো প্রিয়,সমস্তটাই ব্যাখ্যায় বোঝানো যায় না,
নিজের মনের অনুভূতিগুলোকে কখনও প্রশ্ন করেছ?
করোনি,কারণ তুমি যে শুধুই আমার ওপরেই প্রশ্নবাণ ছুড়তে অভ্যস্ত,
তাই তো আজ আমার মৃত্যুসজ্জাতে দাঁড়িয়েও তুমি প্রশ্ন করলে,'কে তুমি!'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ