Advertisement

ভালোবাসি

ভালোবাসি
সুচন্দ্রা চক্রবর্তী 


কিছু শব্দ দেখতে আসলে খুবই সহজ,ছোট্ট, 
কিন্তু সেই শব্দগুলোর গভীরতায় ডুব দিলে আঁচ পাওয়া যায় তাদের স্পর্শের,
কিছু শব্দ চেনায় উষ্ণতা,কিছু শব্দ বা টেনে নিয়ে যায় এক মায়াবী শীতলতায়,
ভালোবাসি শব্দটা হয়ত এমনই এক শব্দ,
দেখতে কত সহজ,সরল,সামান্য,
কিন্তু এ যেন এক বিস্তৃত দীঘির মতো,
শান্ত নিবিড় বিপুল জলরাশি,
ঠিক যেন প্রেমিকের ঘন কালো মায়াঘেরা চোখদুটোর মতো,
একবার দেখলে আর ফিরতে ইচ্ছা হয়না,
ঠিক তীব্র নেশার পর যেমন স্থির হয়ে বসে থাকে কোনোদিনও নেশা না করা মানুষ,


আবার চার অক্ষরের শব্দটাই কখনো আরও বিশালাকার ধারণ করে সুনামির মতো,
যেন উত্তাল সমুদ্রের এক নীল ঢেউ,
ঠিক যেন প্রেমিকের অসম্ভব কষ্টে চোখে জল না আসা প্রেমিকার নীরব আর্তনাদ,
কারণ কিছু আঘাতে রক্তক্ষরণ হয় মনের অন্দরমহলে,
চোখের দুই পাতার মধ্যে নয়,
ভালোবাসি শব্দটার আর একটি কাছের বন্ধু হল অভিমান,
ঠিক যেন চার অক্ষরের প্রতিবিম্ব মনের আয়নার ওদিকে,
যে প্রতিবিম্ব শরীর নয়,মন পড়তে শেখায়,
ঠিক যখন প্রেমিক নিজের যত্ন না নিয়েও প্রেমিকার খেয়াল রাখতে ভোলে না,
সে সময়ের অনুভূতি,
এমনকি চোখ বন্ধ অবস্থাতেও!


তাই তো সারাজীবনে হাত না ছাড়ার,বন্ধু হয়ে ওঠার গুরুদায়িত্বটা ওই মাত্র চার অক্ষরের শব্দটাই বহন করে,
এত দায়িত্ব কাঁধে নিয়েও তবু সে ক্লান্ত হয়না,
ঠিক যেন অনেকটা রাস্তা কষ্ট করে পার করার পরও প্রেমিকার জন্য অবিরাম চিন্তা করে যাওয়া প্রেমিক,
যার ক্লান্তিটুকু নিজের অপটু হাতে মুছিয়ে দিতে ইচ্ছে করে বারবার,
এতটা মূল্যবান দায়িত্ব কাঁধে নিয়েও যে শব্দ হাসি বিলিয়ে বেড়ায় পড়ন্ত বেলায় সকলের চোখেমুখে,
সে শব্দ যে শুধুই শব্দ থাকেনা,
সে শব্দ একটা আস্ত মহীরুহ,
যার নীচে প্রেমিকার শাড়ির আঁচলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে প্রেমিক শিশুর মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ