প্রিয় পাঠক পাঠিকা,আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের চারটি হাসির অণুগল্প।
১)
প্রেম
সুচন্দ্রা চক্রবর্তী
বিকেলে ঘুম ভাঙার পর বর্ণিতা কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইল বিছানায়।যেন কোনো সুখস্বপ্ন দেখছিল,হঠাৎ বাস্তবজগতে ফিরে এসে বড্ড বিষণ্ণ হয়ে পড়ল।
— 'কি রে,কার কথা ভাবছিস বসে বসে?প্রেমে ট্রেমে পড়লি নাকি?' বর্ণিতার মা এসে জিজ্ঞেস করলেন হাসি চেপে।
— 'হ্যাঁ,সে তো কবে থেকে পড়েছি একজনের প্রেমে,জানো না?আজ তার স্বপ্নই দেখছিলাম।আহা,তার গায়ের সে সুগন্ধ,রূপ সব যেন আমি অনুভব করছিলাম।যতবার তাকে দেখি আর সে সুগন্ধ নাকে আসে,যেন নতুন করে তার প্রেমে পড়ি!'
— 'বাব্বা,এ তো একদম রোমান্টিক মুডে আছিস দেখছি সক্কাল সক্কাল!তা যার জন্য এমন মুড,তার নামটা শুনি একবার!কে সে?'
— 'যে আমার সব ক্লান্তি,হতাশা দূর করে,যাকে দেখলেই মনে হয় আহা এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না,সব মেয়ের মনের মাঝে যার বসবাস,যাকে ভাগ করে নেওয়া যায় না কারোর সাথে,সে যে আর কেউ নয়,আমার ফুচকা!'
২)
জাতিস্মর
সুচন্দ্রা চক্রবর্তী
— 'কি রে কি এত আকাশকুসুম ভাবছিস হুঁ?' শিউলিদেবী কাপড়গুলো গোছাতে গোছাতে জিজ্ঞেস করলেন কেয়াকে।
— 'মা জানো তো,আজ না একটা দারুণ সিনেমা দেখলাম!'
— 'আবার সেই ভূতের সিনেমা দেখলি?তারপর রাতে জল খেতে উঠলেই অমনি আমার ডাক পড়বে,ভূতকে পাহারা দেওয়ার জন্য,যাতে তোর ঘাড় না মটকায়!'
— 'আহ মা,না গো না!ভূতের না,আমি যে সিনেমাটা দেখলাম,সেটা জন্মান্তরের গল্পের ওপর বানানো।'
— 'তাই বুঝি?'
— 'হ্যাঁ মা,আর সিনেমাটা দেখার পরই কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম আমি!'
— 'অ্যাঁ,বলিস কি রে!'
— 'হ্যাঁ মা,আমি শুধু এটাই ভাবছি,আমি যদি জাতিস্মর হতাম!'
— 'দূর রাখ তো!দুপুরে খেয়ে ওঠার একটু পরেই কি কি তরকারী দিয়ে ভাত খেলি সেটাই ভুলে যাস,উনি আবার হবেন জাতিস্মর!'
৩)
Auto correct
সুচন্দ্রা চক্রবর্তী
ছেলেটি ভীষণ মনমরা ক'দিন ধরে,কোনোদিকেই কোনো মন নেই।আর হবে নাই বা কেন বলুন?ক্রাশের ব্লকলিস্টে ঠাঁই হয়েছে যে তার!
সে মেয়েটিকে মেসেজ করেছিল,'Tumi koto sundor....thik jeno ekta ful!'
কিন্তু মোবাইলের auto correct এর দৌলতে ful টা fool হয়ে গেছে!
৪)
ব্লকলিস্টে
সুচন্দ্রা চক্রবর্তী
ছেলেটা ঘরে চুপচাপ বসে কপাল চাপড়াচ্ছে।তাছাড়া আর উপায়ই বা কি!তার ক্রাশ যে ব্লক করেছে তাকে!তার ক্রাশের নাম রুমেলা ভাদুড়ি,তাই ক্রাশকে প্রোপোজ করতে গিয়ে সে ইংরেজি হরফে লিখেছিল, 'আই লাভ ইউ রুমেলা ভাদুড়ি!' আর সেই মেসেজটা দেখেই রুমেলা তাকে ব্লক করে দিয়েছে!
কারণ ইংরেজিতে Bhaduri লিখতে গিয়ে ছেলেটি ভুলবশত Bahaduri লিখে ফেলেছে!
0 মন্তব্যসমূহ