সুচন্দ্রা চক্রবর্তী
আমি ইচ্ছের বিরুদ্ধে জোর করা পছন্দ করিনা নিজের ওপর,
কিন্তু জ্বরের রাতে আমি যেদিন তেতো ওষুধ খেতে চাইব না,
সেদিন আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি জোর কোরো আমায় ওষুধ খাওয়ার জন্য,
আমার অনিচ্ছা জানা সত্ত্বেও সেটাই করতে বলা আমার ভীষণ না পসন্দ,
কিন্তু পরীক্ষার সাত দিন আগেও যখন আমি না পড়ে তোমার কাছে আবদার করব সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য,
সেদিন আমার ইচ্ছেকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তুমি আমায় পড়ার টেবিলে নিয়ে যেও জোর করে,
ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া আমার অপছন্দ,
কিন্তু যেদিন আমি অনেক রাত পর্যন্ত ল্যাপটপের সামনে বসে একমনে লেখালেখি করব, খেতে পর্যন্ত ভুলে যাব,
সেদিন তুমি জোর করে রুটি তরকারি আমার মুখে তুলে দিও আমার বারণ না শুনেই,
আমায় অহেতুক বকাঝকা করলে বিরক্ত হই আমি, কিন্তু কলেজ যেতে দেরি হয়ে গেলে যখন আমি চারিদিক ভালো করে না দেখেই রাস্তা পার হই,
তখন তুমি আমায় কড়া ভাষায় বকাঝকা কোরো কিন্তু!
আসলে জানো প্রিয়, কিছু অপছন্দের বিষয়ও মাঝে মাঝে বড্ড আপন মনে হয়, মনে হয় একেবারে মনের কাছাকাছি।
0 মন্তব্যসমূহ