হেরে গেছো
সুচন্দ্রা চক্রবর্তী
মেয়েটিকে তুমি রোজই দেখো কলেজে আসে,
সবার বড় প্রিয় সে সদা হাস্যমুখী,
তার খুশির উজ্জ্বলতায় মুগ্ধ গোটা ক্লাস,
তাকে হঠাৎ বেশ মনে ধরল তোমার,
দিন রাত মোবাইলে শুধু ওরই ছবি দেখছ,দাবি করছ ভালোবাসো,
এগিয়ে গেলে মেয়েটির দিকে,ধরলে ওর নরম হাত দুখানি,
'সারাজীবন রাখব বুকে আগলে',বলে উঠলে আবেগান্বিত হয়ে,
মেয়েটি একটু সময় চেয়ে নিল,
তুমি আরও আকর্ষিত হয়ে পড়ছ দিনকে দিন তার উপর,
তার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ,
মনেপ্রানে প্রার্থনা করছ আরাধ্য দেবদেবীর কাছে,
তারপর একদিন মেয়েটি আর দূরে রাখতে পারল না তোমায়,
ছুটে গেল,বলল,'ভালোবাসি প্রিয়!'
তুমি মেয়েটির হাতদুটো ধরে বললে,'সবসময় রাখব আপন করে',
মেয়েটি আরও বেশি আকর্ষিত হল তোমার প্রতি,
দিনটা তোমার আজও মনে আছে,সে ছিল নভেম্বরের পঁচিশ,
এরপর চলে গেছে অনেক গুলো পঁচিশ তারিখ,
আজ আর সে মেয়েটির খোঁজ নাওনা তুমি রোজ,
মেসেজ কলের জন্য অপেক্ষা করো না,
উপরন্তু বিরক্ত হও শুধুই তার ওপর,
কারণ তোমার কাছে তো আর এটা প্রেম ছিল না,ছিল একটা পরীক্ষা,
তোমার লক্ষ্য ছিল কলেজের সবার প্রিয় মেয়েটার কাছ থেকে 'হ্যাঁ' আদায় করা,
বন্ধুমহলে গর্ব করে বলা,'যে মেয়েটার ওপর শত শত ছেলে ক্রাশ খায়,সে আজ আমার প্রেমিকা!'
বন্ধুরা তোমার পিঠ চাপড়ে বলে 'সাবাস!'
আর গর্বে তোমার বুক চওড়া হয়ে ওঠে,
কারণ তুমি তো মেয়েটিকে ভালোবাসোনি,চেয়েছিলে শুধু জয় করতে,
মানুষ নয়,ওকে শুধুই একটা পুরস্কার ভেবেছিলে,
পরীক্ষায় আজ তুমি পাস করে গেছ,পুরস্কার পেয়ে গেছ,
ভাবছ জিতে গেছো?
না,জেতোনি তুমি,হেরে গেছো,
আজ মেয়েটা চোখের জল ফেলছে অন্ধকার ঘরে,
তোমার এড়িয়ে যাওয়া মেনে নিতে পারছে না,
কিন্তু কাল তার ভুল ভাঙবেই,
বেরিয়ে আসবে সে লোকদেখানো ভালোবাসার শৃঙ্খল থেকে,
সেদিন তুমি ভুলটা বুঝবে নিজের,
একবুক শূন্যতা নিয়ে মেঝেতে বসে পড়বে,অজান্তেই অস্ফুটে বলে উঠবে,'হেরে গেছি!'
0 মন্তব্যসমূহ