Advertisement

হাসির ফুলঝুরি

হাসির ফুলঝুরি 

প্রিয় পাঠক পাঠিকা,আপনাদের জন্য রইল মজাদার পাঁচটি অণুগল্প।
১)
ডাকনাম
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'একি বৌমা,অমন গোমড়া মুখে বসে আছ কেন মা?'
— 'কেন আবার?আপনার ছেলেকে রাজ্যসুদ্ধু সব মেয়ে সোনা বলে ডাকে,এমন জানলে আমি বিয়েই করতাম না!সবে দুদিন হল বিয়ে করে এসেছি,দেখি পাশেরবাড়ির রীণাদি,দুধ দিতে আসে যে কমলাদি,মায় বৌদিরাও ওকে সোনা বলে ডাকে!এরকম বাজে চরিত্রের ছেলে জানলে আমি বিয়েই করতাম না ওকে!'
— 'আহা,তোমার বুঝতে ভুল হয়েছে মা,ওকে তো সবাই সোনা বলে ডাকবেই,ওর যে ডাকনাম সোনা!'
— 'অ্যাঁ!'
— 'অ্যাঁ নয়,হ্যাঁ।আসলে তোমার বর যেদিন জন্মেছিল,তার আগেরদিন আমার স্বপ্নে এক সাধু এসেছিলেন,আর এসেই বললেন, 'মা,আগামীকাল তোমার কোলজুড়ে সন্তান আসবে,আর সে জন্মানোর পর তোমার স্বামীটি দেখা করতে এসেই যে শব্দটা প্রথম বলবে,সেটাই সন্তানের ডাকনাম রেখো!' আর ওর জন্মের পর ওর বাবা এসে আমায় বলল, 'সোনা,আমি যে কি খুশি হয়েছি আজ,বলে বোঝাতে পারব না তোমায়,' আর সেইজন্যেই...

২)
ফুচকাপ্রেমী
সুচন্দ্রা চক্রবর্তী 

মেয়েটি খুব কষ্ট পেয়েছে,চুপচাপ নিজের ঘরে বসে আছে।ওর বয়ফ্রেন্ড ওকে ব্লক করেছে,আর ব্লক করার আগে 'আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ' বলে ব্লক করেছে।
 আসলে ফুচকাপ্রেমী মেয়েটি লকডাউনে ফুচকা খেতে পারেনি এতদিন,তাই হোয়াটসঅ্যাপে ফুচকার স্টলের ছবি স্ট্যাটাসে দিয়ে লিখেছে,'Miss you so much!'সেই ছবিটি মেয়েটির প্রেমিক দেখার পরেই তার উপর খাপ্পা হয়ে তাকে ব্লকিয়ে দিয়েছে,কারণ স্ট্যাটাসে দেওয়া সেই ছবিটিতে ফুচকা স্টলের পাশে ফুচকাওয়ালাকেও দেখা যাচ্ছিল,আর ছেলেটি ভেবেছে মেয়েটি সেই ফুচকাওয়ালাকেই মিস করছে!
 
৩)
টাইপিং মিসটেক (১)
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'কিরে ভাই,ওভাবে পালাচ্ছিস কেন?কার ভয়ে পালাচ্ছিস?
— 'আর বলিস না ভাই,আজ অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেল বলে ফেরার পথে দেখি বৌ মেসেজ করছে,'কি হল,এত দেরি কিসের?অফিসে নতুন কোনো সুন্দরী জয়েন করেছে বুঝি?'
— 'হুম তারপর?'
— 'আরে তারপর আমি টাইপ করলাম যে,ঘরে এমন সুন্দরী পত্নী থাকতে কেউ কি অন্যদিকে তাকায়?'
— 'তা এতো ভালো কথা,পালাচ্ছিস কেন তাহলে?'
— 'আরে ভাই,পত্নী টাইপ করতে গিয়ে ভুল করে ওটা পেত্নী হয়ে গেছে,তাই আজ বাড়ির ত্রিসীমানায় আমায় যদি ও দেখে তাহলে আর রক্ষে নেই!

৪)
টাইপিং মিসটেক (২)
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'কিরে,ওরকম গোমড়া মুখে বসে আছিস কেন?'
— 'আরে বলিস না,আমার কতদিনের পুরোনো বন্ধু আমায় ব্লক করে দিয়েছে।'
— সে কি?কেন?'
— 'আমি শুধু ওকে মেসেজ করেছিলাম যে,আগের দিন তোর বাড়ি গিয়ে একটা নতুন বই দেখলাম,ওটাকে কিছুদিনের জন্য আমার কাছে রাখতে দিবি?এই মেসেজটা করার পরই রাগারাগি করে আমায় ব্লক করে দিল!'
— 'এরকম মেসেজ করলেও আবার কেউ ব্লক করে দেয়?'
—'আসলে boi টাইপ করতে গিয়ে ভুলবশত bou টাইপ করে ফেলেছি,আর ওর সদ্য বিয়ে হয়েছে,সেইজন্যই....'

৫)
ব্লকলিস্টে
সুচন্দ্রা চক্রবর্তী 

ছেলেটি খুব বিষন্ন,মনমরা মুখে বসে আছে নিজের ঘরে।তার গার্লফ্রেন্ড তাকে ব্লক করেছে দুদিন হল।আর ব্লকটা করেছে ছেলেটিরই একটি ছোট্ট ভুলে।
ছেলেটি মেয়েটিকে মেসেজে লিখতে চেয়েছিল, 'Ami amar sona ke khub valobasi.' কিন্তু ভুলবশত সে লিখে ফেলে,'Ami amar dona ke khub valobasi.'
আর ডোনা হল মেয়েটির এক্স বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড,তাই ছেলেটির কাছ থেকে এই মেসেজটা পেয়েই সে ছেলেটিকে ব্লক করে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ