লাইব্রেরীর ডায়েরি
সুচন্দ্রা চক্রবর্তী
আমি লাইব্রেরী। কলেজে অনেক ঘর আছে,কিন্তু আমি একটু বেশিই স্পেশাল।কলেজের অন্য ঘরে যাবার জন্য কার্ড করতে হয় না,কিন্তু আমার দরজা পেরোতে গেলে করতে হয়।তাই তো আমার আলাদাই মান এই এতবড়ো বিল্ডিং টায়।অন্য ঘরগুলো আমায় নিয়ে তাই কম সমালোচনা করে না।আসলে কয়েকশো বছর ধরে মানুষের সংস্পর্শে আছে কিনা,তাই ওদেরই মতো হিংসুটে হয়ে গেছে নিজেদের অজান্তে।কিন্তু আমার মতো জ্ঞানের বন্যা কোথায় পাবে ওরা?সব ঘরে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে যায়,কিন্তু আমার এই ঘরে আসার কোনো আলাদা সময় নেই।সবার জন্য এ দরজা খোলা।কত প্রেম,ভালোলাগা শুরু হল আমার চোখের সামনে,আবার চোখের জলে মর্মান্তিকভাবে শেষও হল কত সম্পর্ক,দেখে আমারও হাসিকান্না পায়,কিন্তু তোমরা দেখতে পাও না।কি করে পাবে?সব যে লুকোনো ওই পুরনো হলুদ পাতার ভেতরে।তোমরা কি ভাবো,পারফিউম কেবল তোমরা ব্যবহার করো?ভুল জানো।তোমরা তো শুধু কয়েকটা দামী ব্র্যান্ডের গন্ধ চেন, আমার ওই বহুদিন যত্নে রাখা সঞ্চয়গুলোর মধ্যে একবার মাথা গুঁজে দেখো তো,চেনা গন্ধ পাও কিনা?সেদিনের কথা আমি আজও ভুলতে পারি না,দুটো মিষ্টি ছেলেমেয়ে আজ থেকে অনেক বছর আগে এই কলেজটায় পড়ত।তখন বসন্তকাল।কিছুদিন পরেই দোল উৎসব। তাই কলেজে কিছুদিন আগেই দোল খেলা হচ্ছে জমিয়ে,আর শিক্ষক-শিক্ষিকারাও অংশ নিয়েছেন তাতে।সেই ছেলে আর মেয়েটির দুজনেরই দুজনকে পছন্দ, তবু বলতে পারে না কেউ কাউকে মনের কথা।সেদিন মেয়েটা আমার ঘরে এসেছিল,কারণ পরের দিন থেকেই টেস্টের স্টাডি লিভ শুরু,তাই কিছু দরকারী বই তুলছিল।ওদিকে বেচারা ছেলেটা সবার মাঝে 'তাকে' খুঁজছিল,খুঁজতে খুঁজতে তার মনে হল,পড়াকু মেয়েটা বইয়ের মেলায় আবার মিশে যায়নি তো?তাই হাতে একমুঠো লাল আবীর নিয়ে সবার অলক্ষ্যে আমার এখানে এসে হাজির হয়েছে,আর এসেই দেখে মেয়েটা বইয়ে বুঁদ হয়ে আছে একেবারে,ও যে কখন ঘরে এসেছে দেখতেই পায়নি।ছেলেটা হঠাৎই পিছন থেকে এসে মেয়েটার গাল রাঙিয়ে দিল।মেয়েটা চমকে ফিরে তাকাল,তারপরই একগাল হেসে ছেলেটারও গালে রঙ দিয়ে দিল।সেই ওদের প্রেমের শুরু।আজও ওরা দুজনের কেউ আমায় ভোলেনি,ওদের যে রোজ আসতে হয় এই কলেজে আজও,স্বামী স্ত্রী দুজনেই আজ এই কলেজে পড়ায়।আজও আমার এই সবসময়ের বইমেলায় বই খুঁজতে আসতে গিয়ে যখনই চোখাচোখি হয়,বহুবছর আগের সেই ঘটনার কথা মনে পড়ে,আর ওরা হাসে।ওরা জানে ওদের এই চোখাচোখির পর মিষ্টি সুকোমল হাসিটা বোধহয় ওরা দুজন ছাড়া আর কেউ দেখে না!কি বোকা না ওরা?তোমরাই বলো।
0 মন্তব্যসমূহ