আপন
সুচন্দ্রা চক্রবর্তী
— 'এত চিন্তা করে না মা, সেরকম কিছুই আমার হয়নি, সামান্য জ্বর হয়েছে মাত্র!'
— 'তুমি বললেই তো আর হয়না মা, তুমি সবার যত্ন করতে গিয়ে নিজেরই খেয়াল রাখো না আর, অযত্ন করো নিজেকে, ঠিকসময় খাওয়াদাওয়া করো না, ওষুধ খাওনা, এরকম করলে কি করে চলবে বলো তো?'
— 'তিতাস জানিস, আমি পল্লবের কাছে কত্ত শুনেছি তোদের বিয়ের আগে তোর কথা। আমার শরীর খারাপ হলেই তুই চিন্তা করতিস কতখানি, ফোন করতিস বারবার পল্লবকে,সবটাই আমি জানি। বিয়ের আগে আমার আর তোর তো আলাপটাও হয়নি কখনো, তবুও আমায় না চিনেও কতখানি ভালোবেসেছিস, আপন করে নিয়েছিস,তাই না?'
— 'মা এতে এতখানি অবাক হওয়ার কি আছে হুম?তোমার ছেলে পল্লব,তাকে তো জন্মের আগে থেকেই ভালোবাসতে শুরু করেছিলে তুমি, আগলে রেখেছিলে দশ মাস সবটুকু দিয়ে। মায়েরা যদি সন্তানকে দেখার আগে থেকেই ভালোবাসতে পারে,আপন করে নিতে পারে,তবে সন্তান কেন পারে না? মা তুমি তো সবটাই জানো, জন্ম থেকে অনাথ আমি, কত রাত কেঁদেছি মায়ের একটা নরম স্নেহমাখা কোলে পরম নিশ্চিন্তে ঘুমোবো বলে, দুঃখ পেলে মায়ের গন্ধমাখা আঁচলে চোখ মুছব বলে, জন্মদিনে মায়ের হাতে পায়েস খাব বলে, আজ সেসব স্বপ্ন পূরণ হয়েছে আমার। তোমার সাথে বিয়ের আগে আলাপটুকু হয়নি মা, কিন্তু আত্মিক সম্পর্ক যে গড়ে উঠেছিল, কারণ তুমি যে মা। তাই দেখার আগেই আপন করে নিয়েছি তোমায়।'
0 মন্তব্যসমূহ