Advertisement

ক্লান্তি


ক্লান্তি
সুচন্দ্রা চক্রবর্তী 

— 'তোমার আর আমার সম্পর্কটা কি এতটাই ঠুনকো জায়গায় পৌঁছেছে শ্রেয়া যে আজ রেকর্ডিং শোনালে তুমি আমায়?তোমার মুখের কথা কি আমি বিশ্বাস করতাম না?'
— 'আসলে কি জানো তো অভি,আজ বলে নয়,সেই বিয়ের আগে থেকেই মা,অর্থাৎ তোমার মায়ের সম্পর্কে কিছু বলতে গেলেই তুমি অসম্ভব আবেগান্বিত হয়ে পড়তে,কথায় কথায় বলতে যে তিনি তোমার কাছে দেবীর মতো।সেই সাথেই মাঝে মাঝেই তুমি আমায় বলতে যে,'প্রেমিক-প্রেমিকা,স্ত্রী-স্বামী এদের সম্পর্ক দুদিনের।তাই স্বামীর সাথে বাবার তুলনা করলে যেমন বাবাকে ছোটো করা হয়,তেমনই স্ত্রীর সাথে মায়ের তুলনা করলে মাকে ছোটো করা হয়।' বিশ্বাস করো অভি,এই কথাগুলো তুমি আনন্দের সুরে বললেও আমার মনের ভেতর যে কথাগুলো কতটা ক্ষতের সৃষ্টি করেছে সেটা তুমি কোনোদিন দেখোনি,দেখতে চাওনি।আমি কথাগুলোর সামান্যতম প্রতিবাদ করলে,এমনকি তোমার মার সম্পর্কে কিছু জানতে চাইলেও তোমার মনে হত আমি তোমার মাকে অপমান করছি,ছোটো করছি।তবুও আমার মনের মধ্যে একটা স্থির বিশ্বাস ছিল,যে এখনও তো বিয়েটা হয়নি,একবার বিয়েটা হোক,দশটা বছর যাক,তুমি নিশ্চয়ই বুঝবে আমার কষ্টটা।কিন্তু তুমি কোনোদিনই বোঝোনি।জানো তো অভি,একজন স্ত্রী তার স্বামীকে সবটুকু দিয়ে আগলে রাখার পর,অসুস্থতার দিনে রাত জেগে শুশ্রূষা করার পরও যদি প্রত্যেক মুহূর্তে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে,সেই এই জীবনে তার হাজব্যান্ডের জন্য যাই করুক হাজার চেষ্টা করলেও সে তার মায়ের জায়গার ধারেকাছেও পৌঁছতে পারবে না, তাহলে কোনোদিনই কোনো মেয়ে আর নতুন সংসার করতে রাজি হবে না,রাজি হবে না কোনো সম্পর্কে জড়াতে। অভি, আজ থেকে অনেকগুলো বছর পর যখন তোমার মা বেঁচে থাকবেন না, সেদিন কিন্তু আমিই নিজের সবটা ভুলে তোমায় আরও বেশি ভালোবাসব, বুকে টেনে নেব, তোমার হাতদুটো শক্ত করে ধরব। আর যদি বলো রেকর্ডিংয়ের কথা, তাহলে বলি, তোমার মা আমায় মাঝে মাঝেই যেভাবে নরম সুরে অপমান করেন, সেগুলো মুখে বললে তুমি কি বিশ্বাস করতে আদৌ?আমার তা মনে হয়না। যাঁকে তুমি মানুষ নয়, দেবী ভাবো, তাঁর সম্পর্কে এরকম কোনো কথা তুমি বিশ্বাস করবেনা বলেই আমার মনে হয়, তাইজন্যই আজ আমি অফিস থেকে বাড়ি ফেরার পর যখন উনি আমায় কথাগুলো শোনাচ্ছিলেন, আমি রেকর্ড করে নিই সবগুলো কথা, কারণ আমি জানতাম, কখনো যদি আমি এবং তোমার মা একে অপরের বিপক্ষে দাঁড়াই, তুমি তোমার মায়ের পাশেই দাঁড়াবে,আমার পাশে নয়।'
— 'শ্রেয়া, আই অ্যাম সরি!'
— 'সব কষ্ট শুধু সরির রুমালে মোছা যায় না অভি!আর আমিও আজ বড়ো ক্লান্ত বিশ্বাস করো, এতদিনের ক্লান্তি বয়ে বেড়ানো কি চাট্টিখানি কথা? আমি এই সংসার থেকে মুক্তি চাই বিশ্বাস করো, অনেক দূরে যেতে চাই তোমাদের থেকে, যেখানে তোমরা কেউ আমায় খুঁজে পাবে না!'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ