Advertisement

অপ্রেমিকা

অপ্রেমিকা 
সুচন্দ্রা চক্রবর্তী 

জানতে চাস,কেন সিগারেটটা ছাড়ছি না?
জানতে চাস,কেন হাজার কষ্টেও কাঁদতে ভুলেছি?
কেন?কি লাভ তোর এসবের উত্তর পেয়ে?
অজন্তার উপর ক্রাশ খেলি যখন,মনে আছে সেই সন্ধ্যেটার কথা তোর?
আমার সাথে কলেজ স্ট্রিটে চা খেতে খেতে সবটা জানালি,শেষে বললি, 'তুই ও তো মেয়ে,একটা মেয়েকে কিভাবে প্রোপোজ করলে সে হ্যাঁ বলবে বল্ না,কিভাবে ওর মনটা পাব?'
তারপর প্রোপোজ করলি তুই ওকে,ও হ্যাঁ বলল,তুই কি অসম্ভব আনন্দে এসে জড়িয়ে ধরলি আমায়,উচ্ছ্বসিত হয়ে বললি, 'আজ যে আমি কি ভীষণ খুশি বিভস,কি বলব!'
তারপর ভ্যালেন্টাইন্স ডে তে কি গিফট দিবি থেকে শুরু করে কিভাবে ওর অভিমান ভাঙাবি,সবটা আমার কাছে জানতিস তুই,মনে পড়ে?
তারপর হঠাৎ ব্রেকাপ হল একদিন তোদের,তুই সেদিনও সন্ধ্যেয় এসে আমায় জড়িয়ে ধরলি,তারপর বীভৎস কাঁদলি বাচ্চাদের মতো,আমিও কেঁদে ফেললাম আমার সবচেয়ে কাছের মানুষটার কষ্ট দেখে,কিন্তু তুই দেখতে পাসনি সেদিন আমার কান্না,বলা ভালো দেখতে চাসনি,
তারপর থেকে অনেক মেয়ে তোর জীবনে এসেছে,গেছে,
আনন্দের মুহূর্ত থেকে শুরু করে ব্রেকাপ পর্যন্ত প্রতিটা মুহূর্ত শেয়ার করেছিস আমার সাথে,অথচ প্রতিটা কথা আমার মনটাকে কিভাবে তছনছ করেছে ঝড়ের মতো বুঝেছিস কখনো?
তোর মতে,আমার মতো বোল্ড মেয়েরা খুব শক্ত মনের হয়,কষ্ট কাবু করতে পারে না তাদের,
আর তোর এই ধারণাই আমায় আরও বেশি করে সিগারেটের নেশায় আসক্ত করে তুলেছে,প্রত্যেকটা মুহূর্তে তুই বুঝিয়ে দিয়েছিস আমার মতো মেয়েকে শুধুই বন্ধু করে রাখা যায়,
এমন অবাধ্য,সিগারেট আসক্ত,পরনে ছেঁড়াফাটা জিন্স,শর্টচুলে গোল্ডেন কালার করা মেয়েকে ঘরনী করা যায় না,
আমি সারাজীবন শুধু বিভস হয়েই থেকে গেলাম তোর কাছে,বিভাবরী হতে পারলাম কই?
সব কথা মুখে বলতে হয়না জানিস পার্থ,হাবেভাবে তুই প্রতি সন্ধ্যেয় বুঝিয়ে দিয়েছিস,আমি অপ্রেমিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ