Advertisement

বাহ্যিক

বাহ্যিক
সুচন্দ্রা চক্রবর্তী 

১) প্রেমে প্রতারিত মেয়েটি স্ট্যাটাস দিল,'পুরুষমাত্রেই প্রতারক।'ভুলে গেল,নিজে ছেঁড়া জামা পরেও তাকে পুজোয় পাঁচটা নতুন জামা কিনে দেওয়া প্রৌঢ় পুরুষটির কথা,যাকে সে বাবা বলে ডাকে।ভুলে গেল স্কুলজীবনের শিক্ষকদের স্মৃতি,যাঁরা ওকে শিখিয়ে এসেছেন 'মেয়ে মানেই দুর্বল নয়।নারী নয়,মানুষ ভাবো নিজেকে।'


২) বিবাহিত মেয়েটি শাঁখা পলা সিঁদুর পরে না বলে শ্বশুরবাড়ির লোক কতই না কথা শোনায় তাকে,আর পাড়াপ্রতিবেশীরা তো টিটকিরি দেনই।অথচ এরা সকলেই ভুলে গেছে দুবছর আগের কথা,যেদিন শাঁখা সিঁদুর না পরা 'ব্যভিচারী' মেয়েটি রাত জেগে অসুস্থ শ্বশুরের সেবা করেছিল,কিন্তু ওই বাড়িরই অন্য দুই বউ,ধার্মিক,চওড়া সিঁদুর পরে বলে যারা শ্বশুরবাড়ির সকলের নয়নমণি, অজুহাত দেখিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল,শ্বশুর সুস্থ না হওয়া পর্যন্ত তারা আর এবাড়ির ত্রিসীমানা মাড়ায়নি।


৩) চাকুরিরতা মেয়েটির বরাবরই ইচ্ছা ছিল নিজের পদবি কোনোদিন বদলাবে না,আর তার মাইনের অর্ধেক তুলে দেবে বৃদ্ধ মা-বাবার হাতে। এই কারণে ওর বারবার ব্রেকাপ হয়েছে,জীবনে ভালোবাসি বলে যে জনই আসে,ওর এই দাবি মানতে নারাজ! আরে যতই চাকরি করুক,মেয়েমানুষ তো!মেয়েমানুষের অত মানসম্মান ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই বাপু!


৪) হোস্টেলে থাকা ছেলেটার হঠাৎই প্রেসার খুব লো হয়ে গেছে।আসলে বাড়ি থেকে এতদূরে কোনোদিন থাকেনি কিনা। মা বাবা বোন সবাইকে ছেড়ে আসতে হয়েছে, এখানে এসে ঠিকমত খাওয়াদাওয়াও হয় না তার,এখানে তো মা নেই যে বকেঝকে খাওয়াবে।
ছেলেটা বাসে উঠেছিল টিউশন যাবে বলে,হঠাৎই মাথাটা কেমন ঘুরে যায় তার,টাল সামলাতে না পেরে সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলার গায়ে পড়ে যায় সে।তারপর তার অবস্থা আর বলার নয়।মহিলার চড় থাপ্পড় তো তার পাওনা হল বটেই,সেই সাথে বাস থেকে ঘাড় ধরে নামিয়েও দেওয়া হল তাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ