Advertisement

যোগ্য পাত্র


যোগ্য পাত্র
সুচন্দ্রা চক্রবর্তী 

- 'চাকরিটা তো হয়ে গেল,এবার তোর পাত্র খুঁজি?'সুজাতার মা বললেন।
- 'বেশ,আমি যেমন চাই যদি তেমন পাত্র আনতে পারো কোনো আপত্তি নেই আমার বিয়ে করতে।'সুজাতা বলল।
- 'আচ্ছা বল মা,তোর কেমন ছেলে চাই।'
- 'এমন একজন, যে সবসময় খালি টাকার পেছনে ছোটে না,কথায় কথায় হাজারটা মিথ্যে বলে ঠকায় না,রূপ নয়,গুণটা দেখে,বিয়ের সময় পণ দাবি করবে না,কোনোরকম দাবিই থাকবে না এ বাড়ি থেকে।পোশাক-আশাক বিলাসিতায় টাকা অকারণ নষ্ট করে না,কিন্তু আমি একটিবার চাইলেই কিছু না জিজ্ঞেস করেই আমার হাতে টাকা তুলে দেবে,কারণ আমায় সে ভরসা করবে,রাস্তায় দাঁড়িয়ে আমি পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হেসে গল্প করলে সে সহজভাবেই ব্যপারটা নেবে,কারণ সে জানে আমি শুধু তাকেই ভালোবাসি, প্রেমিক আর বন্ধুর তফাৎটা সে জানে খুব ভালোভাবেই,আমি তার থেকে দ্বিগুণ মাইনের চাকরি করলেও তার ইগোয় লাগবে না,উলটে সে উৎসাহ দেবে আমায় আরো বেশি করে,নাই বা তার দালান থাকল,শান্তিপূর্ণ একটা ছোট ফ্ল্যাটই নাহয় থাকল,নাই বা থাকল তার চারচাকা, দুচাকা চেপে ফাঁকা রাস্তা মাতিয়ে বেড়ানো কি কম সুখের?নাই বা সে প্রতি সপ্তাহান্তে আমায় নিয়ে যেতে পারল ফাইভ স্টার হোটেলে ডিনারে,রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা-আলুকাবলি খেতে খেতে অবিশ্রান্ত বকবক, তা কি কম আনন্দের?আমাকে সবসময় 'ডার্লিং','বেবি' এইসব নামগুলো ধরে ডাকতে হবে না,কিন্তু জ্বরের রাতে সে না ঘুমিয়ে বসে থাকবে আমার মাথার পাশে,আর আমি অসুস্থ হলে সবকিছু বেচেবুচে আমার চিকিৎসা করাবে,কারণ আমি তার কাছে সবচেয়ে দামী।নাই বা সে হল বিশাল রোজগেরে, মনুষ্যত্ব যেন অগাধ থাকে তার মধ্যে।বলো,পারবে এমন পাত্র এনে দিতে আমার জন্য?'
- 'কি বলছিস এসব!এতদিন আমাদের কাছে মানুষ হয়ে এমন রুচি?মানে সে আমাদের স্ট্যাটাসের না হলেও চলবে,তাই তো?ছি ছি!তোর কাছে এটা আশা করিনি সুজি!'
- 'কোনটাকে স্ট্যাটাস বলো মা তোমরা? তুমিও তো একদম 'মনের মতো' বর পেয়েছিলে,তা বাবাকে বিয়ে করে বুঝি খুব সুখী আছো?এত ভালো অবস্থা আমাদের,তাতে কি লাভ হয়েছে একটু বলবে?তুমি রোজগারহীন,তাই বাবার কাছে টাকা চাইতে হলে হাজারটা কৈফিয়ত কি দিতে হয় না তোমায়?আমার কাকা-জ্যাঠা-মামারাও তো আমাদের মতো,তোমাদের মতে সেম স্ট্যাটাসের,তাহলে আজ সবাই সবার থেকে আলাদা কেন?কেন সুসম্পর্ক নেই আমার আত্মীয়দের মধ্যে?কেন নিজেদের মধ্যে আমাদের এত অবিশ্বাস, এত স্বার্থপরতা? এমন পরিবারে তো জন্মাতে চাইনি আমি মা,এমন এক পরিবার আমি চাই যেখানে আভিজাত্য-বিলাসিতা না থাকলেও ভালোবাসা-স্নেহের কোনো অভাব নেই!'
- 'শাট আপ সুজি!বাবা মার সামনে দাঁড়িয়ে যা খুশি তাই বলে যাচ্ছ!একটা অমানুষ তৈরি হয়েছ দেখতে পাচ্ছি!'
- 'সরি বাবা,আমায় ক্ষমা কোরো।রীতিমতো অবস্থাপন্ন বাড়ির মেয়ে হয়েও কি পেয়েছি একটু বলবে?চেয়েছিলাম কষ্টের দিনে আমার চোখের জল মুছিয়ে দেবে তোমরা,জন্মদিনে একটু সময় দেবে,ছোট ছোট ইচ্ছেগুলোর একটু দাম দেবে!বলো দিয়েছ?না,আমার ইচ্ছের কোনো মূল্য তো দাওনি কখনো? না গো,মানুষের জন্মের ব্যাপারে তো তার কোনো হাত থাকে না,সেখানে সে নিরুপায়, নয়তো এমন পরিবারে কোনোদিন জন্মাতে চাইনি আমি।আমি সেই বাড়িতে বিয়ে করব যারা আমার মূল্য বুঝবে,সময় দেবে,আর আমার ভালো লাগা খারাপ লাগাগুলো বুঝবে।আর আমি চাকরি করি,বাবার টাকায় বসে খাইনা,তাই তোমরা না পারলে বোলো,আমি নিজেই খুঁজে নেব নিজের পাত্র,ততদিন না হয় কষ্ট করে এই খারাপ মেয়েটাকে একটু সহ্য করে নিও,কেমন?'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ